পণ্যবাহী ট্রাক থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বুকিং কাউন্টারে পণ্যবাহী ট্রাক থেকে ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত অর্থ না দিয়ে কোনো ট্রাক নির্দিষ্ট সময়ে পারাপারের সুযোগ পাচ্ছে না।পাটুরিয়া বুকিং কাউন্টারে কর্মরত টার্মিনাল সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, ভিআইপি দালালদের (তাঁর ভাষায়) চাপের মুখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সিরিয়াল ভেঙে পণ্যবাহী ট্রাকের বুকিং (পারাপারের অনুমতি) দিতে বাধ্য হচ্ছেন।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, নদী পার হওয়ার জন্য ফেরি টার্মিনালে ঢোকার আগে যেকোনো যানবাহনকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কাউন্টারে টার্মিনাল ফি পরিশোধ করতে হয়। এ সময় ওই সব যানবাহনকে একটি সিরিয়াল নম্বর দেওয়া হয়। সিরিয়াল দেওয়া এসব যানবাহনের মধ্যে বাস ও ছোট গাড়িসহ জরুরি পণ্যবাহী ট্রাকগুলো (মাছ, ওষুধ, ফল, সবজি, পশু) সিরিয়াল ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ পেয়ে থাকে। কিন্তু জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী পার করা বাধ্যতামূলক।ট্রাকশ্রমিকেরা অভিযোগ করেন, পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর পর কতিপয় ব্যক্তি তাঁদের কাছ থেকে সিরিয়াল টিকিট নিয়ে নেন। এরপর ভাড়ার অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা নিয়ে ট্রাক দ্রুত পার হওয়ার ব্যবস্থা করে দেন। অতিরিক্ত ভাড়া না দিলে পার হওয়ার অপেক্ষায় ঘাটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।ট্রাকচালক মতিলাল রাজবংশী ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে খুলনা যাওয়ার পথে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছান গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে। তাঁর সিরিয়াল নম্বর ছিল ৪৩৫। গতকাল চারটায়ও তিনি নদী পার হতে পারেননি। কিন্তু ওই সময়ের মধ্যে এর আগের সিরিয়ালের অনেক ট্রাকই পার হয়ে যায়।তিনি অভিযোগ করেন, ভাড়ার অতিরিক্ত টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে ট্রাক পার করার কারণে সরকার-নির্ধারিত ভাড়ায় তিনি নির্দিষ্ট সময়ে পার হতে পারেননি।বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন বেনাপোল শাখার কার্যকরী সভাপতি শেখ ফরিদ আহাম্মেদ জানান, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটের বুকিং কাউন্টারগুলোতে অর্ধশতাধিক দালাল সক্রিয় রয়েছেন। এসব দালালদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পার হওয়া সম্ভব নয়।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল রোববার বেলা আড়াইটায় পাটুরিয়া ঘাটে অপেক্ষমাণ ট্রাকের সংখ্যা ছিল ১৫০। কিন্তু ওই সময় সরেজমিনে পাটুরিয়া ঘাটে গিয়ে ট্রাক পাওয়া যায় ৭০টি। বাকি ৮০টি ট্রাক আগেই পার হয়ে যায়। সিরিয়াল ভেঙে বুকিং দিয়ে পারের সুযোগ করে দেওয়ার কারণেই এই গরমিলের চিত্র ধরা পড়ে।গতকাল রোববার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাটুরিয়া বুকিং কাউন্টারে দায়িত্ব পালন করেন টার্মিনাল সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা। ওই সময়ের মধ্যে অন্তত ৪০টি পণ্যবাহী ট্রাক সিরিয়াল ভেঙে পারের সুযোগ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি জানান, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালী লোকজন ভাড়ার অতিরিক্ত টাকা নিয়ে তাঁদের (বুকিং কাউন্টারে কর্মরত ব্যক্তিদের) ট্রাকের বুকিং দিতে বাধ্য করেন। এতে লাভবান হন ওই সব লোকজনই।কিন্তু ভাড়ার অতিরিক্ত টাকা আদায়কারীদের অনেকেই জানান, বুকিং কাউন্টারে কর্মরত ব্যক্তিদের সহায়তায় তাঁরা অতিরিক্ত টাকা আদায় করেন। এ কাজ করে ট্রাকপ্রতি তাঁদের থাকে ১০০ থেকে ১৫০ টাকা।তাঁরা জানান, ভাড়ার অতিরিক্ত ৩৫০ থেকে ৪০০ টাকা হাতে পাওয়ার পরই তাঁদের ট্রাক পার হওয়ার বুকিং টিকিট দেওয়া হয়।এ প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল মতিন ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।