পণ্যবাহী ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দরে আজ মঙ্গলবার সকালে সারবোঝাই ট্রাকের ভারে আত্রাই নদের ওপরের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে। ছবি: এএসএম আলমগীর
দিনাজপুরের চিরিরবন্দরে আজ মঙ্গলবার সকালে সারবোঝাই ট্রাকের ভারে আত্রাই নদের ওপরের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে। ছবি: এএসএম আলমগীর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া এলাকায় আত্রাই নদের ওপরে থাকা বেইলি সেতু ভেঙে গেছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ৭০০ বস্তা সার নিয়ে একটি ট্রাক সেতুর ওপর ওঠে। মাঝখানে পৌঁছামাত্র সেতু ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়।

বেইলি সেতু ভেঙে যাওয়ায় চিরিরবন্দর হয়ে দিনাজপুরের সঙ্গে পার্বতীপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

প্রত্যক্ষদর্শী গোলাপ রায় বলেন, ‘সেতুর পাশে বালুর চরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি সেতুটি ভাঙা অবস্থায়। সেতুর ভাঙা অংশে পণ্যবোঝাই একটি ট্রাক পড়েছিল।’ স্থানীয় লোকজন ট্রাকচালক ও তাঁর সহকারীকে উদ্ধার করেন।

ট্রাকচালকের সহকারী বাদশা মিয়া বলেন, ট্রাকে করে ৭০০ বস্তা সার নিয়ে যশোর নওয়াপাড়া থেকে পার্বতীপুর হয়ে চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

সেতু ভেঙে পড়ায় দিনাজপুরের সঙ্গে চিরিরবন্দর ও পার্বতীপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: এএসএম আলমগীর
সেতু ভেঙে পড়ায় দিনাজপুরের সঙ্গে চিরিরবন্দর ও পার্বতীপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: এএসএম আলমগীর

ঘটনাস্থলে উপস্থিত দিনাজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম সারোয়ার বলেন, বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি পণ্য নিয়ে যানবাহন চলাচল না করার জন্য সেতুর দুই পাশে সতর্ক বার্তার সাইনবোর্ড লাগানো রয়েছে। জেলা সমন্বয় সভায় ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে একাধিকবার চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে ট্রাফিক বিভাগকে এ বিষয়ে নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ট্রাফিক বিভাগ বিষয়টিতে নজর না দেওয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ব্রিজটি ঠিক করতে ১৫ দিন লাগবে। লালমনিরহাট থেকে ব্রিজের উপকরণ আনতে জনবল পাঠানো হয়েছে।