পণ্যবাহী পরিবহন ধর্মঘটে সবজিচাষিরা বিপাকে
সাতসকালে একের পর এক সবজিবোঝাই ভ্যান এসে ভরে যায় ঠাকুরগাঁওয়ের পাইকারি সবজির বাজার। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবখানেই সবজি আর সবজি। সবজি বাজারে এনে বিপাকে পড়েছেন তাঁরা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে শহরের গোবিন্দনগর পাইকারি সবজির বাজারে গিয়ে দেখা যায় এ দৃশ্য।
পণ্যবাহী পরিবহন ধর্মঘটের অজুহাতে ব্যাপারী ও আড়তদারেরা সস্তায় কিনে নিচ্ছেন এসব সবজি। এক দিনের ব্যবধানে সব সবজির দাম পড়ে গেছে। সড়ক-মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি, ওজন স্টেশন কেন্দ্রে শ্রমিক হয়রানি-নির্যাতন বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত বৃহস্পতিবার ভোর থেকে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়।
সদর উপজেলার নারগুন গ্রামের সবজিচাষি রঘুনাথ রায় বলেন, ২০ শতক জমিতে শসা আবাদ করেছিলেন। মৌসুমের শুরু থেকেই দাম মোটামুটি ভালোই পাচ্ছেন। কিন্তু রোববার বাজারে কপি বিক্রি করতে এসে মাথায় হাত পড়ে তাঁর। এক দিন আগে যে শসা তিনি প্রতি কেজি বিক্রি করেছেন ১৬ টাকা, রোববার তা ৮ টাকায় নেমে এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, পরিবহন ধর্মঘট ও হরতালে স্থানীয় সবজিচাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।