পণ্যবাহী পরিবহনের ধর্মঘটে অচল উত্তরবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলে আজ বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পণ্যবাহী যানবাহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে পণ্য পরিবহন। উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো থেকে সারা দেশের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের ফলে চরম দুর্ভোগ-ভোগান্তির মুখে পড়তে হয়েছে রাতে চট্টগ্রাম-ঢাকা থেকে উত্তরাঞ্চলে ছেড়ে আসা পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিককে। ধর্মঘটের সুযোগে এসব ট্রাক থেকে চাঁদাবাজিরও অভিযোগ উঠেছে স্থানীয় কিছু শ্রমিকের বিরুদ্ধে।
অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার না হলে উত্তরাঞ্চল থেকে সারা দেশে চাল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চালকলমালিকদের কেন্দ্রীয় সংগঠনের নেতারা। এতে কৃষকের ধানের দাম পড়ে যাওয়া এবং সারা দেশে চালের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন তাঁরা।
গত বুধবার বগুড়া অনুষ্ঠিত ঐক্য পরিষদের এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
আজ সকালে বগুড়ার মাটিডালি থেকে মহাস্থান পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে উত্তরাঞ্চলে পণ্য পরিবহনব্যবস্থা। রাতে উত্তরবঙ্গের উদ্দেশে পণ্য নিয়ে আসা পণ্যবাহী অনেক গাড়ি ধর্মঘটি শ্রমিকদের বাধার মুখে মাঝরাস্তায় আটকা পড়েছে।
ধর্মঘটের প্রভাবে বগুড়া থেকে সারা দেশে সবজি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সকাল আটটার দিকে মাটিডালি মোড়ে রংপুরগামী সিমেন্টবাহী একটি ট্রাক আটকানোর চেষ্টা করেন শ্রমিক পরিচয়ে চারজন ব্যক্তি। পরে ২০০ টাকা নিয়ে ছেড়ে দেন। ট্রাকের সহকারী মহাব্বত আলী বলেন, বগুড়ার শেরপুর থেকে এ পর্যন্ত চার জায়গায় ৬০০ টাকা চাঁদা দিতে হয়েছে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে চালের জোগান যায় উত্তরবঙ্গ থেকে। এভাবে পণ্য পরিবহন বন্ধ থাকলে সারা দেশে চাল সরবরাহ বন্ধ হয়ে যাবে। মিলের চাল বিক্রি না হলে ধান কেনাও বন্ধ করে দিতে বাধ্য হবেন মিলমালিকেরা। এতে ধানের বাজার দরে পড়ে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে সরবরাহ ঘাটতির কারণে দেশের বাজারেও চালের দাম বেড়ে যাবে।’
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান বৃহস্পতিবার বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার নিয়ে বগুড়ার পুলিশ সুপারের সঙ্গে বৃহস্পতিবার বগুড়ার নেতাদের বৈঠক হয়েছে। কিন্তু তাঁকে আমরা জানিয়ে দিয়েছি, সমস্যাটা শুধু বগুড়ার নয়। বসতে হলে ১৬ জেলার মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয়ভাবে বসতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বগুড়ার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের দাবিদাওয়া নিয়ে শিগগিরই বিভাগীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হবে।
মালিক-শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ; ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের সরকারি আদেশ প্রত্যাহার; পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস ও রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ; ওজন স্টেশন স্কেলে বেপরোয়া চাঁদাবাজি ও হয়রানি বন্ধ; চালকদের লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ; সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান এবং দুর্ঘটনা বন্ধে মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ।