পণ্যবাহী যানে ডাকাতি, গ্রেপ্তার ৬
পুলিশের পোশাক পরে কাগজ পরীক্ষার নামে মহাসড়কে পণ্যবাহী পরিবহনে ডাকাতি করে আসছিল একটি চক্র। বুধবার রাতে রাজধানীর শনির আখড়ায় অভিযান চালিয়ে এ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পুুলিশের পোশাক, অয়্যারলেস সেট, অস্ত্র ও নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গোপন খবর আসে আন্তজেলা ডাকাত মহসিন এবং তাঁর সহযোগীরা পুলিশের পোশাক পরে ডাকাতি করার উদ্দেশে শনির আখড়া সেতুর নিচে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে মহাসড়কে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পুলিশের দুটি পোশাক, একটি অয়্যারলেস সেট, একটি খেলনা পিস্তল, দুটি চাপাতি, রামদা, রড ও অজ্ঞান করার নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহূত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, মো. জুলহাস হাওলাদার (২৭), মোকছেদুর সরদার (৩০), সোহেল রানা (৩৮), জাফর হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩৩) ও কবির হোসেন (৩৫)।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডাকাত জুলহাস জানান, অধিকাংশ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রোডে তাঁরা ডাকাতি করেন।