পণ্যবোঝাই চার জাহাজ ডুবল চার ঘণ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা, ডুবোচরের সঙ্গে ধাক্কা, এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের সংঘর্ষ—এই তিন কারণে গতকাল বুধবার পণ্যবাহী চারটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ভোররাত সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে মাত্র চার ঘণ্টার ব্যবধানে কর্ণফুলী নদীর মোহনা, পতেঙ্গা ও সন্দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় এসব জাহাজ ডুবেছে।
চারটি জাহাজে মোট ৫৬ জন নাবিক-শ্রমিক ছিলেন। এর মধ্যে ৫৪ জন দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা কয়েকটি জাহাজ ও নৌকায় উঠে প্রাণ বাঁচাতে পেরেছেন। একটি জাহাজের দুজন গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এসব জাহাজে ছিল কয়েক হাজার টন অপরিশোধিত চিনি, ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল), সারের কাঁচামাল ও ভুট্টা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে সন্দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এমভি বর্ষণ-৩ নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নবী আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক দিনে চারটি লাইটার জাহাজ দুর্ঘটনার খবর গত দুই দশকে পাইনি। জাহাজগুলোর নাবিক, মাস্টারসহ প্রায় সবাইকে উদ্ধার করা গেছে। তবে একটি জাহাজের দুজন নিখোঁজ রয়েছেন বলে শুনেছি।’
গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে প্রথম লাইটার জাহাজডুবির ঘটনাটি ঘটে। ১ হাজার ৫০ টন ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে এমভি ল্যাবস-১ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। কর্ণফুলীর মোহনার কাছে এসে ঘন কুয়াশার কারণে জাহাজটি ডুবে যায়।
চট্টগ্রাম বন্দর পর্ষদের সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর ১ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাবস-১ নামের জাহাজটি ডুবে যায়। নদীর একপাশে ডুবে যাওয়ায় ঢাকামুখী বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বহির্নোঙর থেকে প্রায় ১ হাজার ৮০০ টন সারের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল এমভি মজনু নামের আরেকটি জাহাজ। সকাল পৌনে সাতটার দিকে জাহাজটি পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে ডুবে যায়। জাহাজের সুকানি (চালকের সহকারী) জহির আহমেদের ভাষ্য, রাত দেড়টার দিকে পণ্যবোঝাই শেষে বহির্নোঙর থেকে বন্দর জেটির দিকে রওনা হয় জাহাজটি। কিন্তু ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় রাত পৌনে দুইটায় পতেঙ্গা সমুদ্রসৈকতের অদূরে সাগরে জাহাজটি নোঙর করানো হয়। সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কমার পর নোঙর তুলে আবার রওনা হয় জাহাজটি। কিন্তু কিছু দূর এগোনোর পর কাত হয়ে হঠাৎই ডুবতে শুরু করে জাহাজটি। তীরে আনার চেষ্টা করার সময় জাহাজটির তলদেশ মাটিতে আটকে যায়। সাতটার দিকে জোয়ারের পানিতে জাহাজটি ডুবতে শুরু করে। জাহাজটিতে থাকা ১৪ জন নাবিক ও শ্রমিক বয়ার মাধ্যমে ভেসে কাছাকাছি থাকা একটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পান।
বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় ডুবে যায় লাইটার জাহাজ গ্লোরি অব শ্রীনগর-৪। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেড় হাজার টন ভুট্টা নিয়ে ঢাকায় যাওয়ার পথে সন্দ্বীপ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভাসানচর এলাকায় টিটু-১৫ নামের আরেকটি জাহাজের ধাক্কায় ডুবে যায় জাহাজটি। এর মাস্টার (চালক) মো. শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোররাত চারটার দিকে জাহাজভর্তি পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। ঘন কুয়াশার কারণে সকাল আটটার দিকে ভাসানচরে জাহাজ নোঙর করেন। কিন্তু সকাল সোয়া আটটার দিকে টিটু-১৫ নামের আরেকটি জাহাজ তাঁর জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজটি ফেটে কাত হয়ে পানি ঢুকতে শুরু করে। জাহাজে তাঁরা মোট ১৪ জন ছিলেন। ১২ জন নানাভাবে উদ্ধার পেলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে যাওয়ার ঘটনারও বর্ণনা দেন শফিকুল ইসলাম। তিনি বলেন, সাগরে জাহাজটি ডুবতে শুরু করলে দেরি না করে প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তিনি। পানিতে ভেসে ওঠার পর দেখতে পান একটু দূরে বয়া নিয়ে তাঁর জাহাজেরই আরেকজন পানিতে ভাসছেন। সাঁতরে তাঁর কাছে যান তিনি। এরপর দুজনে একই বয়া ধরে ভেসে থাকেন। বিপদ থেকে বাঁচতে একমনে আল্লাহকে ডাকছিলেন তিনি। প্রায় দেড় ঘণ্টা ভেসে থাকার পর নৌবাহিনীর একটি জাহাজ দেখে তাঁরা সংকেত দেন। পরে জাহাজটি এসে তাঁদের দুজনকে উদ্ধার করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধায়ক (মাস্টার ও পাইলট) মো. সিরাজুল হক বলেন, ভাসানচরে ৩ নম্বর বয়ার কাছে প্রায় সকাল সাড়ে আটটার দিকে এমভি দারিন্দাসাব নামের আরেকটি লাইটার জাহাজ ডুবে যায়। ২ হাজার ২০০ টনের মতো অপরিশোধিত চিনি নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার দিকে যাচ্ছিল জাহাজটি। কুয়াশার কারণে জাহাজটি একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে ডুবে যায়। জাহাজের সবাইকে উদ্ধার করা হয়েছে।
অন্য নৌযানগুলো যাতে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলাচল করতে পারে, সে জন্য আজ বৃহস্পতিবার সন্দ্বীপের ভাসানচরে বয়া বসানো হবে বলে জানান তিনি।