পণ্যবোঝাই ট্রাক ছিনতাই উদ্বিগ্ন ব্যবসায়ীরা
উত্তরবঙ্গের বিভিন্ন সড়ক-মহাসড়কজুড়ে পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী, পরিবহনমালিক ও শ্রমিকেরা। নওগাঁ, হিলি, জয়পুরহাট, দিনাজপুরসহ বিভিন্ন মোকাম থেকে পাঠানো চালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। পাশাপাশি খুন হচ্ছেন ট্রাকের চালক ও চালকের সহকারীরা।
চালকল মালিক সমিতির হিসাব অনুযায়ী, সড়ক-মহাসড়ক থেকে বছরে গড়ে ২০টি চালবাহী ট্রাক ছিনতাই হচ্ছে। নওগাঁর ট্রাক মালিক সমিতির নেতারা জানান, গত ১০ বছরে শুধু নওগাঁর চালের মোকাম থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া ৬৭টি চালবাহী ট্রাক ছিনতাই হয়েছে। ১০ জন চালক ও চালকের সহকারী খুন হয়েছেন। চাল ছাড়াও সয়াবিন তেল, কয়লা, ভুট্টা, ধান, মুরগির খাদ্য, ডাল, সিমেন্ট ও রডবোঝাই ট্রাক ছিনতাই হচ্ছে। আগে গাজীপুরের কোনাবাড়ী, কুমিল্লার চান্দিনা ও কাঁচপুর সেতুতে ট্রাক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটত। এখন বগুড়ার দুপচাঁচিয়া এবং শেরপুরেও ঘটছে।
জানতে চাইলে বগুড়ার এসপি মো. মোজাম্মেল হক বলেন, ‘চালবোঝাই ট্রাক ছিনতাই বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চার দিন আগে নওগাঁর ট্রাকমালিকদের একটি প্রতিনিধিদল আমার কার্যালয়ে দেখা করতে আসে। তখন নওগাঁর মোকাম থেকে সন্ধ্যাকালে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকবহরকে পুলিশের পাহারায় বগুড়ার সীমানা পার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।’
চাল ব্যবসায়ী ও ট্রাকমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরের বিভিন্ন ধান-চালের আড়ত এবং কয়েকটি স্থলবন্দর থেকে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন মোকামে যাতায়াত করে। এসব ট্রাক অহরহ ছিনতাই হচ্ছে। ইদানীং দিনাজপুরের দশমাইল ও ঘোড়াঘাট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী, বগুড়ার দুপচাঁচিয়া ও শেরপুর এবং নাটোরের বনপাড়ায় ট্রাক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। আগে রংপুর-ঢাকা মহাসড়কের গাজীপুর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ছিনতাইয়ের ঘটনা ঘটত।
নওগাঁ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন, গত ১৩ বছরে নওগাঁ মোকাম থেকে পাঠানো ৬৭টি ট্রাক ছিনতাই হয়েছে। হত্যা করা হয়েছে ১০ জন ট্রাকশ্রমিককে। আজ পর্যন্ত তিনটি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।
চালকলের মালিকদের সংগঠন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির আহ্বায়ক লায়েক আলী বলেন, প্রতিনিয়ত ট্রাক ছিনতাই হওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ও থানার পুলিশের তৎপরতা আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করেন লায়েক আলী।
হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মো. ঈসরাইল হাওলাদার বলেন, উত্তরাঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতে পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের ১৪টি থানা তৎপর রয়েছে।