পণ্যবোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় একজন আটক
সিরাজগঞ্জে সয়াবিনবোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাই হওয়া ট্রাকটি (রাজশাহী মেট্রো-ট-০২-০০০৩) উদ্ধার করা হয়েছে। আটক ছিনতাইকারীর নাম কামাল শেখ (৪৫)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাবলা গ্রামে। সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, রোববার রাত ১১টার দিকে সয়াবিনবোঝাই ওই ট্রাকটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংরিবাজার এলাকায় পৌঁছালে দুজন ছিনতাইকারী অস্ত্রের মুখে ট্রাকটি থামায়। তারা ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে চালক ও তাঁর সহকারীকে বেঁধে রেখে ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে রওনা দেয়। পরে টহলরত পুলিশ খবর পেয়ে ট্রাকটিকে ধাওয়া করলে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজারের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর কামাল শেখ ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।