পণ্যভর্তি ব্যাগ কেড়ে নেওয়ার অভিযোগ
কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসা বেশ কিছু যাত্রীর ব্যাগ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। যাত্রীরা অভিযোগ করেছেন, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছালে শুল্ক কর্মকর্তারা পণ্যভর্তি তাঁদের ৭৭টি ব্যাগ কেড়ে নিয়ে যান। তাঁরা এসব পণ্য কিনে এনেছেন এবং বাংলাদেশে ঢোকার পর সীমান্তের আইনশৃঙ্খলা রক্ষাকারীরা এসব পণ্যের ছাড়পত্রও দিয়েছেন। ট্রেনে যাত্রা করলেই তাঁদের এই হয়রানির মুখে পড়তে হয়।
তবে শুল্ক গোয়েন্দারা বলেন, যাত্রীদের ব্যাগে শুল্কযুক্ত পণ্য ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সহায়তায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ডিউটি স্টেশনমাস্টারের কক্ষ, রিলে কক্ষ ও পণ্য রাখার কক্ষ থেকে ৪৭টি ব্যাগ ও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের কাছ থেকে ৩০টি ব্যাগ আটক করা হয়। দুর্গাপূজা উপলক্ষে মৈত্রী এক্সপ্রেসের ৪০ জন যাত্রী ভারত থেকে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি এসব পণ্য দেশে নিয়ে আসেন। জব্দ করার পর পণ্যগুলো ক্যান্টনমেন্ট স্টেশনমাস্টারের কক্ষে সিলগালা করে রাখা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এসব ব্যাগ খোলা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শরীফ আল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, জব্দ করা পণ্যের মূল্য ১ কোটি ৮৭ লাখ টাকা। যাত্রীরা নির্ধারিত সংখ্যার বেশি পণ্য বহন করছিলেন। শুল্ক ও জরিমানা দেওয়ার পর শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও ইমিটেশন জুয়েলারি পণ্য ছেড়ে দেওয়া হবে। জরিমানা ও শুল্ক না পেলে এই পণ্যসামগ্রী নিলাম করা হবে।