
কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ পণ্যমূল্য বাড়াতে চাইলে তার পরিণতি চট্টগ্রামের মীর গ্রুপের মতো হবে বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, আমদানিকারক, পাইকার, খুচরা বিক্রেতাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
তোফায়েল আহমেদ বলেন, মাল কিনে মজুত রেখে অনেকেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন। নিয়মের বাইরে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে পরিণতি চট্টগ্রামের মীর গ্রুপের মতো হবে।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মীর আহমেদ সওদাগর ট্রেডার্স গত মঙ্গলবার নয়টি প্রতিষ্ঠানের কাছে ২৪০ মেট্রিক টন চিনি বিক্রি করে। প্রতি কেজি চিনি তারা কেনে ৪৬ টাকায়। বিক্রি করে ৫৮ টাকায় (পাইকারি দর)। সে হিসাবে কেজিতে ১২ টাকা লাভে শুধু এক দিনেই প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২৮ লাখ ৮০ হাজার টাকা। গতকাল বুধবার খাতুনগঞ্জে মীর গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের কাগজপত্র পর্যালোচনা করে এই চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাইকারি বাজারে প্রতি কেজি চিনির দাম গড়ে প্রায় সাড়ে ৪ টাকা বেশি দামে বিক্রি করেছে। চিনির পাইকারি বাজারে কারসাজি করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম ও বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে গতকাল বুধবার ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ক্ষতিগ্রস্ত হন—এটা যেমন চাই না, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হোক, সেটাও চাই না। আশা করি, আপনারা সংযমের মধ্য দিয়ে ব্যবসা করবেন।’
মন্ত্রী বলেন, ‘আমরা রোজা থাকি, তারাবি নামাজ পড়ি, ইফতার করি, সেহ্রি খাই। এটা হলো সংযমের মাস। সবাই যেন আমরা সংযমী হই।’ বাজারে চিনি ও ছোলা ছাড়া অন্য সব নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর।
আরও পড়ুন: