পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্র্রী আবদুল লতিফ সিদ্দিকী বিলটি উত্থাপন করেন। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, কৃত্রিম মোড়ক ব্যবহারের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণরোধে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণ, গরিব পাটচাষিদের ন্যায্যমূল্য দেওয়া এবং পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ১৯৮৭ সালে মোড়কীকরণে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়েছে। এই আইন করা হলে পাটের ব্যবহার এবং অভ্যন্তরীণ বাজারে পাটের চাহিদা বাড়বে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এই আইনের অধীনে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পণ্য পাটজাত মোড়ক ছাড়া বিক্রয়, বিতরণ বা সরবরাহ করা যাবে না। বিধান লঙ্ঘন করে কোনো পণ্য মোড়কজাত করা হলে তা বাজেয়াপ্ত করা হবে। কোনো ব্যক্তি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।