পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট করবেন না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য মুনাফার জন্য রপ্তানি পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের যে পরিমাণ সমুদ্রসীমা-নদ-নদী-খাল-বিল-হাওর রয়েছে, তাতে যত্নবান হলে মৎস্য উৎপাদনে চতুর্থ নয়, প্রথম হতে পারে বাংলাদেশ। এ জন্য মৎস্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে ব্যবসায়ীদের গুণগত মান ঠিক রাখতে হবে।
আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন-জীবিকা মৎস্যসম্পদের সঙ্গে সম্পর্কিত। কৃষিজ আয়ের প্রায় ২৪ ভাগ আসে এ খাত থেকে। জিডিপিতে মৎস্যসম্পদের অবদান প্রায় ৪ শতাংশ। প্রাণিজ আমিষের ৬০ ভাগ জোগান দেয় মৎস্য খাত। তিনি আরও বলেন, এসব কথা চিন্তা করে আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, তখনই দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় আছে “মাছে-ভাতে বাঙালি”। আমরা যেখানেই যাই, যত কিছুই খাই, শেষ পর্যন্ত মাছ-ভাত না খেলে আত্মতৃপ্তি আসে না। সুতরাং, আমরা যারা মাছ খাই, তারা নিজেরা খাব, যারা খেতে পারে না, তাদেরও খাওয়ার ব্যবস্থা করব।’
শেখ হাসিনা বলেন, নদীগুলোকে ড্রেজিং করতে হবে। এতে নদীর নাব্যতা বৃদ্ধির সঙ্গে পণ্য পরিবহনে সুবিধা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা রোধ হবে। এ ছাড়া বন্যাপ্রবণতা হ্রাসের পাশাপাশি নদীতে পানি ধরে রাখা এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, গবেষণাসহ মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দেশে মৎস্য খাতে অনন্য অবদানের জন্য অনুষ্ঠানে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে পাঁচজনকে দেওয়া হয় স্বর্ণপদক এবং ১৩ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয় রৌপ্যপদক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।