পণ্যের অতিরিক্ত ভাড়া মওকুফ চান প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে আটকে থাকা মালামালের অতিরিক্ত ভাড়া মওকুফের দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইউএই (সংযুক্ত আরব আমিরাত) কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ারুল আশরাফ চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিন-চার মাস ধরে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের ওয়্যার হাউসে প্রবাসীদের পণ্যসামগ্রী আইনি জটিলতার কারণে আটকে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় এখন ওয়্যার হাউসের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। স্বল্প আয়ের প্রবাসীরা তাঁদের রক্ত আর ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে নিজ নিজ পরিবার ও আত্মীয়স্বজনের কাছে এসব পণ্য পাঠিয়েছেন। ওয়্যার হাউসের অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওয়্যার হাউসে আটকে থাকা মালামাল দ্রুত খালাসের ব্যবস্থা না হলে তা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এরই মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনের পরে এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, প্রথম পাঁচ দিন ওয়্যার হাউসে ভাড়া দিতে হয় না। এরপর ধাপে ধাপে ভাড়া বেড়ে যায়।
সংবাদ সম্মেলনে ইউএই কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আযম তালুকদার, প্রচার সম্পাদক মো. খোরশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।