পবিত্র রমজান মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল রোববার সিটি করপোরেশনের ২২তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন প্রথম আলোকে বলেন, সোমবার (আজ) থেকেই নগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীরা পণ্যের অতিরিক্ত দাম যাতে নিতে না পারে সে জন্য এ অভিযান চালানো হবে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের সভায় সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রণীত স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশলপত্রের অনুমোদন দেওয়া হয়। নগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা হাটবাজার উচ্ছেদ, পবিত্র রমজান মাসে নগরের মোড়ে মোড়ে রোজাদারদের জন্য খেজুর ও পানি সরবরাহ করা এবং সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে ধারণা দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া নগরের কর্ণফুলী ইপিজেডের দেয়ালের পাশে বড় আকারের নতুন নালা এবং হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় গতকালের সভায়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালনায় কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। এখন স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশলপত্রের আলোকে এ বিভাগের কার্যক্রম পরিচালিত হবে।