পণ্যের পরিমাণের মাত্রা ঠিক করতে আলোচনা চান গাড়ির মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকাভেদে কোন গাড়ি কী পরিমাণ পণ্য পরিবহন করতে পারবে, তা ঠিক করার আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে সংগঠনের নেতারা ৪ অক্টোবরের মধ্যে তা মেনে নেওয়ার তাগিদ দেন। নইলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন নেতারা। দাবি পূরণে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব আবু মোজাফফর। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি লতিফ আহমেদসহ পরিবহননেতারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। কন্ট্রোল স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বাইরের লোকজনকে দিয়ে এই চাঁদাবাজি করাচ্ছেন। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক বা কাভার্ড ভ্যান যন্ত্রে না উঠিয়ে চাঁদার বিনিময়ে পার করে দেওয়া হচ্ছে। এই চাঁদাবাজি ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়।

মালিক সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে, গাড়িপ্রতি সিটি করপোরেশনের কর ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রত্যাহার করা। গাড়ির খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক কর কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের সমালোচনা করে বলা হয়, পুলিশ কাগজপত্র দেখার কথা বলে চালকদের অযথা হয়রানি করছে। অথচ পণ্য পরিবহনের সময় ডাকাতির ঘটনা ঘটলে পুলিশ কার্যকর ব্যবস্থা নেয় না। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান পরিবহননেতারা।

এক প্রশ্নের জবাবে চৌধুরী জাফর আহমেদ বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রাইম মুভার এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সংগঠনের সঙ্গে আলোচনা না করে পাঁচটি ধাপে চাকাভেদে পণ্য পরিবহনের ধারণক্ষমতা নির্ধারণ করে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে প্রাইম মুভার অ্যাসোসিয়েশন ধর্মঘটে যেতে বাধ্য হয়। আমরাও এই সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছি।’ তিনি বলেন, প্রজ্ঞাপন মেনে চললে বন্দরের বড় কনটেইনার পরিবহনও করা যাবে না। তাই প্রজ্ঞাপন স্থগিত করে গাড়ির চাকাভেদে মালামাল পরিবহনের নতুন নীতিমালা করতে হবে।