পণ্যের মজুদ পর্যাপ্ত দাম বাড়ার কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যবসায়ীরা বলেছেন, চিনি ছাড়া রমজানের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। দামও অস্বাভাবিক বাড়ার কোনো কারণ নেই। এর পরও কেউ যাতে অস্বাভাবিক মুনাফা করতে না পারেন, সেজন্য বাজারে তদারকি শুরু করা দরকার। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে বাণিজ্যসচিবের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। সভায় ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন জানান, চিনির বাজার এখনো অস্থির। দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। চিনির বাজারে সংকট মেটাতে দেশে উৎপাদিত ৪০ হাজার টন চিনি রোজায় টিসিবির মাধ্যমে বিতরণ করা হবে। এ ছাড়া আরও ২৫ হাজার টন চিনি কেনা হচ্ছে।চট্টগ্রামে বাজার তদারকি সেল থাকলেও তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব বলেন, তদারকি কমিটি যে এত নির্জীব, তা জানতাম না। তবে রোজার আগেই প্রতিটি জেলায় জেলা তদারকি কমিটি যাতে কাজ শুরু করে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। উৎসব-পার্বণে দাম বাড়ার সংস্কৃতি ত্যাগের আহ্বান জানিয়ে সচিব বলেন, ‘বিদেশে উৎসব হলে পণ্যের দামে ব্যাপক ছাড় দেওয়া হয়। আর আমাদের এখানে উল্টো উৎসবে দাম বাড়ানো হয়। এ প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার।’ সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম জানান, গত বছরের চেয়ে চিনি, ছোলা, মটর ও মসুর ডালের দাম এবার অনেক কম। শুধু তাই নয়, আমদানি খরচের চেয়ে অনেক পণ্য কম দামে বিক্রি হচ্ছে। চিনি ছাড়া সব পণ্যের মজুদও ভালো। তাই অস্বাভাবিক দাম বাড়ার কারণও নেই। মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম জানান, রমজানের আগে সবাই একসঙ্গে এক মাসের বাজার সেরে ফেলে। এ কারণে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়। এ অস্বাভাবিক চাহিদার কারণে কেউ না কেউ পণ্যের দাম বাড়িয়ে দেয়। চট্টগ্রাম চেম্বারের পরিচালক ওয়াছিউর রহমান চৌধুরী জানান, পণ্যের দাম সহনশীল রাখতে বাজার তদারকি করা দরকার। খুচরা ব্যবসায়ীদের প্রতিনিধি ছালামত আলী জানান, গতবার দোকানে মূল্য তালিকা টানানোর সুফল পাওয়া গেছে।