পণ্যের মজুদ বন্ধে গুদামের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
চাল-ডাল-গমসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য নির্ধারিত সময়ের বেশি গুদামে রাখলে পাইকারি ব্যবসায়ীদের ৬০ শতাংশ ভাড়া বেশি দিতে হবে। গুদাম ব্যবসায়ীদের সংগঠন সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যশস্য আমদানি বাড়ায় গুদামে পণ্য রাখার জায়গা হচ্ছে না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গুদাম ব্যবসায়ীরা মনে করেন, এ সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যবসায়ীরা গুদামে বেশিদিন খাদ্যশস্য মজুদ রাখতে নিরুৎসাহিত হবেন। ফলে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে এবং এতে দামও কম থাকবে। তবে ব্যবসায়ীরা দাবি করেন, ভাড়া বাড়ানোর কারণে ভোগ্যপণ্যের দামে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। কারণ ডিও ব্যবসায়ী বা বড় পাইকারি ব্যবসায়ীরা পণ্য কেনার পরপরই সব বিক্রির সুযোগ পান না। ফলে এ বাড়তি টাকা ভোক্তাদের কাছ থেকে আদায় করবেন ব্যবসায়ীরা। গুদাম ব্যবসায়ীদের সিদ্ধান্তের চিঠিতে উল্লেখ করা হয়, সমিতি ২০টি ভোগ্যপণ্যসহ ১১৬ প্রকার পণ্য রাখার ভাড়া বাড়িয়েছে। গত ১ অক্টোবর থেকে এই ভাড়া কার্যকর করা হয়েছে। তবে পণ্যের আমদানিকারকদের এ ভাড়া গুণতে হবে না।ভাড়া বাড়ানোর কথা নিশ্চিত করে গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার ও কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা ডিও বিক্রি করার পর পাইকারি ব্যবসায়ীরা নির্ধারিত সময় গুদাম থেকে পণ্য খালাস করেন না। ফলে চট্টগ্রামের ছোট-বড় ৭০০টি গুদামে এখন পণ্য রাখার জায়গা নেই। এ কারণে আমদানিকারকেরা পণ্য বিক্রির পর কেউ যাতে বেশিদিন গুদামে পণ্য মজুদ না করেন, সে জন্য বাড়তি ভাড়া আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।তবে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, এমনিতেই বন্দরে অদক্ষতার কারণে ভোগ্যপণ্য পরিবহনে খরচ বেড়ে গেছে। এখন নতুন করে গুদাম ভাড়া বাড়ানোর কারণে পণ্যের দাম আরও বাড়বে। গুদামে থাকা পণ্য বিক্রি না হলে সেই পণ্য কোথায় রাখবে ব্যবসায়ীরা? চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছর ৩৩ লাখ টন চাল-গম, সাড়ে ১৩ লাখ টন অপরিশোধিত চিনি এবং প্রায় পাঁচ লাখ টন ছোলা, মসুর ও মটর ডাল খালাস করা হয়েছে। এ হিসাবে বছরে প্রায় ৫১ লাখ টন চাল-ডাল-গম ও চিনি আমদানি হচ্ছে।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গমের বস্তা ৯০ কেজি এবং চাল, ডাল, চিনির বস্তা ৫০ কেজি ওজনের হয়। এ হিসাবে গত অর্থবছর প্রায় ১০ কোটি বস্তা পণ্য খালাস হয়েছে। ভাড়া বাড়ানোর কারণে এসব পণ্য রাখার জন্য বছরে ৩০ কোটি টাকা বাড়তি ব্যয় হতে পারে। ঠিকাদার ও কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ৯০ কেজির বস্তাভর্তি প্রতি টন চাল-গম গুদামে রাখার মাসিক ভাড়া ছিল ৫৫ টাকা। এখন টনপ্রতি ৩৩ টাকা বাড়িয়ে ৮৮ টাকা করা হয়েছে। একইভাবে ৫০ কেজির বস্তাভর্তি প্রতি টন চাল, ডাল, চিনি গুদামে রাখার ভাড়া ৭০ থেকে বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৫ কেজির বস্তাভর্তি ডাল রাখার ভাড়া ১০০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।গুদাম ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে ছোট-বড় ৭০০টি গুদামে অন্তত ১৫ লাখ টন পণ্য রাখার ক্ষমতা আছে। বন্দর দিয়ে খালাস হওয়া পণ্যের সিংহভাগ প্রথমে গুদামে রাখার ব্যবস্থা করেন আমদানিকারকেরা। পরে সরবরাহ আদেশ বিক্রির মাধ্যমে পাইকারি ব্যবসায়ীরা গুদাম থেকে পণ্য কিনে নেন। এক মাসের বেশি এক দিনও গুদামে পণ্য রাখলে পুরো মাসের ভাড়া পরিশোধ করতে হয়।