পণ্যের মান তদারকির নামে প্রতারণা!
চট্টগ্রামের বিভিন্ন খাদ্যদ্রব্য নির্মাণকারী প্রতিষ্ঠানে পণ্যের মান তদারকির নামে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’-এর ব্যানারে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা স্থানীয় টহল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এসব প্রতিষ্ঠানের কারখানায় ঢুকে ভিডিও করে এবং নানা অজুহাতে মালিকপক্ষ অথবা শ্রমিকদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে পরে ম্যাজিস্ট্রেটসহ এসে বড় অঙ্কের জরিমানা আদায়েরও হুমকি দেয় বলে জানা গেছে। সম্প্রতি প্রতিষ্ঠান-মালিকেরা বিএসটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বেলা একটার দিকে নগরের বায়েজিদ এলাকার চৌধুরীনগরে এনএম ফুডস নামের একটি বিস্কুট তৈরির কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানায় পুলিশসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের লোকজন অতর্কিতে গিয়ে হাজির হয়। তারা কারখানার সামনে এসে ভিডিও করতে থাকে এবং মালিকের মুঠোফোন সংগ্রহ করে। এমএন ফুডসের মালিক আরমান চৌধুরী বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের পরিচয়ে পাঁচ-ছয়জনের একটি দল আসে। এ সময় আমরা কারখানাটি বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু আশপাশের কারখানায় কয়েকজন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানোর কথা শুনেছি। এ সময় তারা ফাউন্ডেশনের মহানগর সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলামের কার্ড দিয়ে যায় যোগাযোগ করার জন্য।’ এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মুঠোফোনে প্রথমে দুই নম্বর গেট এলাকায় এবং পরে দেওয়ানহাট কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। তিনি এ ব্যাপারে বিএসটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের প্রতারক বলে দাবি করে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম বলেন, ‘আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমার কাছে কেউ পুলিশের সহযোগিতা চায়নি। এ ধরনের প্রতারণার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের মহানগর সহকারী পরিদর্শকের পরিচয়ধারী চার-পাঁচজনের একটি দল বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হাজির হয়। তাদের ভিজিটিং কার্ডে সরকারি প্রতিষ্ঠানের লোগোর (যা কেবল বিসিএস ক্যাডাররা ব্যবহার করতে পারেন) পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কথাটি লেখা রয়েছে। এতে চট্টগ্রাম কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে নগরের দেওয়ানহাট মোড় এলাকার পোর্ট সিটি কমপ্লেক্সের দোতলার ৩০৫ নম্বর কক্ষ। আর ঢাকার প্রধান কার্যালয় হিসেবে দেখানো হয়েছে ১৩/১, জি কে এম দাশ লেইন, গোলাপবাগ। তারা সাধারণত বিএসটিআইয়ের কোনো অভিযানের পেপার কাটিং নিয়ে বিভিন্ন কারখানায় গিয়ে হাজির হয়। টাকা-পয়সা দিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সুরাহা করার পরামর্শ দেয়। তা না হলে ম্যাজিস্ট্রেট নিয়ে আসার হুমকি দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে দেওয়ানহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাইন্ডেশনের কার্যালয়ে গিয়ে এটি বন্ধ পাওয়া যায়। পরে কার্যালয়ের নামফলকে লেখা মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে গত ১১ আগস্ট দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের লোকজন নগরের পূর্ব নাসিরাবাদে ম্যাটস ড্রিংকিং ওয়াটার কারখানায় গিয়ে কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে দেড় হাজার টাকা নিয়ে আসে। ৪ সেপ্টেম্বর বাটালি রোড এলাকার ডিউ ড্রিংকিং ওয়াটার, ৯ অক্টোবর চকবাজারের শীতল ড্রিংকিং ওয়াটারে গিয়ে একইভাবে টাকা নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া যায়। চিটাগাং ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনসুর আহমেদ এসব অভিযোগ সম্পর্কে বলেন, ‘সম্প্রতি এই চক্রটির দৌরাত্ম্যে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এ ব্যাপারে বিএসটি কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি।’ অভিযোগ সম্পর্কে বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও বিএসটিআইয়ের উপপরিচালক এস এম ইসহাক আলী প্রথম আলোকে বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন একটি অননুমোদিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিভিন্ন খাদ্যদ্রব্য নির্মাণকারী প্রতিষ্ঠান পরিদর্শনের কোনো অধিকারই নেই। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা থানার টহল পুলিশকে সঙ্গে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।’