চট্টগ্রাম বিএসটিআইতে পূর্ণাঙ্গ পরীক্ষাগার নেই
পণ্যের মান পরীক্ষার জন্য ঢাকা-চট্টগ্রামে ছোটাছুটি
দীর্ঘ তিন দশকেও চট্টগ্রাম বিএসটিআইতে পূর্ণাঙ্গ পণ্য পরীক্ষাগার স্থাপন করা হয়নি। এ কারণে বেশির ভাগ পণ্যের মানের ছাড়পত্র বা লাইসেন্স পেতে ঢাকায় ছুটতে হয় চট্টগ্রামের ব্যবসায়ীদের। আবার বিএসটিআইয়ের জনবল সংকটের কারণে পণ্যের মান তদারকির কাজটিও ঠিকমতো করা হয় না। এতে অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা। পুরো চট্টগ্রাম বিভাগে মাঠপর্যায়ের কারখানা ও পণ্যের মান তদারকির জন্য রয়েছেন মাত্র ১১ জন কর্মকর্তা।
শিশুখাদ্য, গুঁড়া দুধ, দই, কনডেন্সড মিল্ক, পেনসিল, রড, সিমেন্ট এমনকি খাওয়ার পানির মান পরীক্ষার যন্ত্রপাতিও চট্টগ্রাম বিএসটিআইতে নেই। আবার টুথপেস্ট, চানাচুর, সরষের তেল, টমেটো কেচাপ, জুস, লিপস্টিকের মতো বেশ কয়েকটি পণ্যের মান পরীক্ষার জন্য ঢাকা ও চট্টগ্রাম দুই জায়গাতেই ছুটতে হয় ব্যবসায়ীদের। কারণ, এ পণ্যগুলোর আংশিক পরীক্ষা হয় চট্টগ্রামে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। অথচ এখানে না আছে পণ্যের মান পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি না আছে দক্ষ জনবল। চট্টগ্রামে বিএসটিআইয়ের পূর্ণাঙ্গ পরীক্ষাগার স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলতে বলতে আমরা এখন ক্লান্ত।’
দেশে পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য ১৯৮৫ সালে বিএসটিআই প্রতিষ্ঠা করা হয়। খাদ্য, কৃষি, প্রসাধনীসহ নিত্যব্যবহার্য ১৫৪টি পণ্যের গুণগত মান পরীক্ষা ও তদারকির দায়িত্ব এই প্রতিষ্ঠানটির। এর মধ্যে চট্টগ্রামের বিএসটিআই কার্যালয়ে ৫৮টি পণ্যের পূর্ণাঙ্গ ও ১০টি পণ্যের আংশিক মান পরীক্ষা করার সুযোগ রয়েছে। অর্থাৎ ৯৬ ধরনের পণ্যের মান পরীক্ষা ও লাইসেন্স পেতে বিএসটিআই ঢাকা কার্যালয়ে যেতে হয় ব্যবসায়ীদের।
ফেনী জেলা সদরে গুঁড়া মসলা ও সরষের তেল প্যাকেটজাত করার কারখানা রয়েছে ব্যবসায়ী খোন্দকার নজরুলের। কারখানার লাইসেন্সের মেয়াদ নবায়নের জন্য গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে তিনি চট্টগ্রাম বিএসটিআইতে আবেদন করেন। মান পরীক্ষার জন্য গুঁড়া মসলার নমুনা চট্টগ্রামে জমা দিলেও সরষের তেলের নমুনা নিয়ে তাঁকে চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও যেতে হয়েছে।
খোন্দকার নজরুল প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে সব পরীক্ষা করার সুযোগ থাকলে দুই জায়গায় ছোটাছুটির কষ্ট থেকে বেঁচে যেতাম।’
পূর্ণাঙ্গ পরীক্ষাগার না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বিএসটিআইয়ের তালিকাভুক্ত পণ্যের আমদানিকারকেরা। কারণ, আইন অনুযায়ী বিএসটিআইয়ের ছাড়পত্র পাওয়ার পর বন্দর থেকে প্রতিটি চালানের পণ্য খালাস করতে পারেন তাঁরা। ফলে চট্টগ্রামে যেসব পণ্য পরীক্ষা করার সুযোগ নেই, সেসব পণ্যের নমুনা নিয়ে ব্যবসায়ীদের ঢাকায় ছুটতে হয়।
চট্টগ্রামের গুঁড়া দুধ আমদানিকারক এম এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। অথচ চট্টগ্রাম বিএসটিআইয়ের পরীক্ষাগারটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। আমদানির পর গুঁড়া দুধ পরীক্ষার জন্য ঢাকায় ছুটতে হয়। অনেক সময় নির্দিষ্ট সময়ে প্রতিবেদন পাওয়া যায় না। তখন বন্দরে বাড়তি মাশুল দিতে হয়।
বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান (উপপরিচালক) শওকত ওসমান অবশ্য কিছুটা আশার কথা শোনালেন। তিনি বলেন, চট্টগ্রামের রাসায়নিক পরীক্ষাগারটিকে উন্নত করা হয়েছে। ইতিমধ্যে একটি মাইক্রোবায়োলজি ল্যাব তৈরি করা হয়েছে। শিগগিরই সেটা চালু হবে। এতে যে ১০টি পণ্যের আংশিক পরীক্ষা হতো এত দিন, সেগুলো চট্টগ্রাম থেকেই পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করাতে পারবেন ব্যবসায়ীরা। বাকি পণ্য পরীক্ষার মতো যন্ত্রপাতিও ক্রমান্বয়ে বসানো হবে।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কারখানার উৎপাদন ব্যবস্থা পরিদর্শন ও পণ্যের গুণগত মান পরীক্ষা করে লাইসেন্স দেয় বিএসটিআই। এই লাইসেন্সের মেয়াদ তিন বছর। তবে লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা ও কঠোর নজরদারি না থাকায় অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন করছে। আবার কেউ লাইসেন্স নেওয়ার পর তা আর নবায়ন করছে না। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও ১০০ উপজেলায় কারখানার কার্যক্রম পরিদর্শনের জন্য মাঠ কর্মকর্তা রয়েছেন ১১ জন। আর পণ্যের ওজনে কারচুপি করা হচ্ছে কি না, তা দেখভালের জন্য পরিদর্শক রয়েছেন মাত্র ছয়জন। জেলাভিত্তিক কার্যালয় না থাকায় বিভাগের পুরো কার্যক্রমের নিয়ন্ত্রণ হয় চট্টগ্রামের আগ্রাবাদের কার্যালয় থেকে।
লাইসেন্স দেওয়া ছাড়াও ওজনে কারচুপি এবং ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনার দায়িত্বও বিএসটিআইয়ের। তবে নির্বাহী ক্ষমতা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বারস্থ হতে হয় কর্মকর্তাদের। এর বাইরে নিজেরা পরিদর্শন কার্যক্রম চালালেও কাউকে তাৎক্ষণিক শাস্তি দিতে পারেন না তাঁরা। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারে বিএসটিআই।
বিএসটিআইয়ের উপপরিচালক শওকত ওসমান বলেন, চলতি মে মাস থেকে কুমিল্লায় বিএসটিআইয়ের জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এতে চট্টগ্রাম বিএসটিআইয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
চট্টগ্রাম নগরে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের পরিদর্শক দলের অভিযান চললেও জেলা-উপজেলা পর্যায়ে এ কার্যক্রম খুব সীমিত। বিষয়টি স্বীকার করেছেন বিএসটিআইয়ের কর্মকর্তারাও। তাঁরা বলছেন, একটি বিভাগে পুরোদমে কার্যক্রম চালানোর মতো লোকবল তাঁদের নেই। এ ছাড়া চট্টগ্রাম নগর থেকে বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে তদারকি করাও কষ্টকর।