পণ্যের মান পরীক্ষার প্রতিবেদন আসে না এক মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুখাদ্য হিসেবে আমদানি করা ‘ল্যাকট্রোজেন’-এর ১৫টি চালান থেকে ১৫টি নমুনা সংগ্রহ করা হয় গত ৫ জুলাই। পণ্যটি মানুষের খাদ্য হিসেবে মানসম্মত কি না, তা পরীক্ষা করাই উদ্দেশ্য। কিন্তু গতকাল রোববার পর্যন্ত ৩২ দিনেও সেই পরীক্ষার প্রতিবেদন মেলেনি।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা বিভিন্ন চালানের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এত বড় বন্দর হলেও বেনাপোলে কোনো পরীক্ষাগার নেই। ফলে খুলনা থেকে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট) কর্মকর্তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। খুলনায় সংশ্লিষ্ট পণ্যটির পরীক্ষার ব্যবস্থা না থাকলে পাঠানো হয় ঢাকায়। সেখান থেকে প্রতিবেদন আসতে এক মাসের বেশি সময় লেগে যায়। এতে একদিকে পণ্যের মাশুল বেড়ে যাচ্ছে, অন্যদিকে বন্দরের গুদামে পড়ে থেকে কমছে গুণগত মান।

জানতে চাইলে বিএসটিআইয়ের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক আলাউদ্দীন হুসাইন প্রথম আলোকে বলেন, নমুনা সংগ্রহের জন্য বেনাপোলে সপ্তাহে এক দিন খুলনা থেকে কর্মকর্তা পাঠানো হয়। সংগৃহীত যে নমুনাটি খুলনা গবেষণাগার থেকে পরীক্ষা করা সম্ভব, সেটি এখানেই করা হয়। অন্যগুলো ঢাকার গবেষণাগারে পাঠানো হয়। খুলনা থেকে পরীক্ষা করলে নমুনা সংগ্রহের পর পাঁচ-ছয় দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হয়। তবে ঢাকায় গেলে একটু সময় লাগে।

বেনাপোল কাস্টমস হাউসের নমুনা শাখা সূত্রে জানা গেছে, এ বন্দর থেকে প্রতি মাসে গড়ে ১০০টি খাদ্য ও প্রসাধনের কাঁচামালের পণ্যের নমুনা গবেষণাগারে পাঠানো হয়। গত জুলাই মাসে ১১০টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই ও বিসিএসআইআরের (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) খুলনা কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫০টি পণ্যের নমুনা পরীক্ষার প্রতিবেদন চলে এসেছে। আর জুন মাসে মোট ৭০টি নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২০টির পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।

বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স সারথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষার জন্য আবেদন করলে অন্তত এক সপ্তাহ পরে বিএসটিআইয়ের খুলনা কার্যালয়ের কর্মকর্তারা বেনাপোল বন্দরে আসেন। এরপর তাঁরা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতেই ১০ দিন লাগান। আর পরীক্ষার প্রতিবেদন হাতে পেতে এক মাসের বেশি সময় লেগে যাচ্ছে।

জুলাই মাসে পরীক্ষার জন্য নেওয়া ১১০টি নমুনার মধ্যে ২০টি ছিল এই মেসার্স সারথী এন্টারপ্রাইজের। এর মধ্যে ১৫টি পণ্যের ছাড়পত্র এখনো বন্দরের হাতে পৌঁছায়নি।

আমদানিকারকেরা বলছেন, পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পণ্য ছাড় করানো যায় না। ফলে সংশ্লিষ্ট পণ্যের জন্য বন্দর কর্তৃপক্ষকে বাড়তি মাশুল দিতে হচ্ছে।আর ছাড় না হওয়া পর্যন্ত পণ্য বন্দরের শেডে থাকে। ফলে বৃষ্টিতে তা ভিজে যায়। আবার সেখানে রয়েছে ইঁদুরের উপদ্রব। এ দুই কারণে পণ্যের মান নষ্ট হয়ে যায়। ফলে বেনাপোল বন্দরে গবেষণাগার স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

‘ল্যাকট্রোজেন’-এর যে ১৫টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আজও মেলেনি, সেগুলোর সিঅ্যান্ডএফ এজেন্ট ইসলাম অ্যান্ড সন্স। জুলাই মাসে এ প্রতিষ্ঠানের মোট ৪৩টি চালান বন্দরে আটকা আছে। কারণ, বিএসটিআই খুলনার কর্মকর্তারা সব কটি নমুনাই ঢাকার গবেষণাগারে পাঠিয়েছেন। ৬ আগস্ট পর্যন্ত একটিরও প্রতিবেদন বন্দরে পৌঁছায়নি।

ইসলাম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, এই সমস্যা কারণে পরিণামে ভোক্তারই ক্ষতি হচ্ছে। কারণ, বন্দরে পড়ে থাকায় তাদের ঘরে পৌঁছাচ্ছে কমবেশি খারাপ মানের পণ্য। আবার বিলম্বের কারণে মাশুল বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন আমদানিকারকেরা। সাত কর্মদিবসের মধ্যে মান পরীক্ষার প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়ে খুরশিদ আলম বলেন, ‘বেনাপোল বন্দর হচ্ছে দেশের দ্বিতীয় রাজস্ব আয়ের ক্ষেত্র। অথচ এই বন্দরে গবেষণাগার নেই, এটা মানা যায় না। আমাদের দাবি, হয় আমদানি নীতিতে পরীক্ষার বিষয়টি শিথিল করা হোক অথবা বন্দরে গবেষণাগার স্থাপন করে সময় কমানো হোক।’