পণ্যের মূল্যতালিকা টানাতে মাইকিং
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হাটবাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের মূল্যতালিকা টানাতে গতকাল শুক্রবার থেকে মাইকিং শুরু হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতারের নামে এই মাইকিং করা হচ্ছে। এতে বলা হয়েছে, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও জনসাধারণের জানার জন্য এই মূল্যতালিকা টানাতে হবে। এ ছাড়া পবিত্র রমজান মাসে সড়ক ও মহাসড়কে স্থায়ী অথবা অস্থায়ী দোকান না বসাতে এবং ইফতারসামগ্রীতে ক্ষতিকর রংসহ ভেজাল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া হাটবাজারের ইজারাদার কামরুল ইসলাম বলেন, এই বাজারে আগে এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। মাইকিং শুনে ব্যবসায়ীরা মূল্যতালিকা টানানোর ব্যবস্থা করছেন।
উপজেলার চান্দাইকোনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টি এম কামরুজ্জামান বলেন, এই বাজারে ব্যবসায়ীরা মূল্যতালিকা টানানোর বিষয়ে আগে ভাবেননি। মাইকিং শুনে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।
পাঁচজন ব্যবসায়ী বলেন, মোকামে দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরা ব্যবসা করেন। মূল্যতালিকা টানালে কী হবে তা বুঝতে পারছেন না।