পণ্যের মেয়াদ নিয়ে ভুল বোঝাবুঝি হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পণ্য ‘মেয়াদোত্তীর্ণ’ অভিযোগ তুলে বরিশালে ট্রান্সকমের গাড়ি ও কর্মীদের ওপর চড়াও হয় একদল লোক। ট্রান্সকমের গ্লুকোন-ডি নামের একটি পণ্য শহরের একটি শিশু বিদ্যালয়ে বিনা পয়সায় বিতরণের সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের বগুড়া রোডে মল্লিকা কিন্ডারগার্টেনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে গ্লুকোন-ডি বিতরণ করা হচ্ছিল।মল্লিকা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, ট্রান্সকম কর্তৃপক্ষ অনুমতি নিয়ে তাদের পণ্য বিতরণ শুরু করে। অভিভাবকেরাই ওই পণ্য বিতরণে উৎসাহ দেখান। একপর্যায়ে মেয়াদোত্তীর্ণের গুজব ছড়ানো হলে পণ্য বিতরণ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে কিছু লোক হট্টগোল শুরু করে। অধ্যক্ষ জানান, গ্লুকোন-ডির মেয়াদ মে, ২০১২ পর্যন্ত রয়েছে। তা ছাড়া হট্টগোলের মধ্যে কোনো বাচ্চা এটি খেতে পারেনি। অথচ অসুস্থ হওয়ার গুজব ছড়ানো হয়েছে।ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বরিশালের ব্রাঞ্চ ইনচার্জ খন্দকার মেরাজুর রহমান বলেন, প্রতিটি পণ্যের এক মাস ১২ দিন মেয়াদ রয়েছে। তার পরও কয়েকজন মিলে মিথ্যা অভিযোগ তুলে হট্টগোল শুরু করে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্লুকোন ডি বিতরণ করছিল ট্রান্সকম। এ সময় কিছু লোক পণ্যের মেয়াদ নেই অভিযোগ তুলে গাড়ি ভাঙচুর শুরু করে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাভার্ড ভ্যান সরিয়ে থানায় নিয়ে আসি।’ তিনি জানান, আগামী মে মাস পর্যন্ত ওই পণ্যের মেয়াদ রয়েছে। তবে সেটি ছোট অক্ষরে লেখা থাকার কারণে হয়তো অনেকে বুঝতে পারেনি।