পণ্যের সীমানার বাইরে নভো নরডিক্সের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভনেম আবসার টুনা
সেভনেম আবসার টুনা

সেভনেম আবসার টুনার মতে, ডায়াবেটিসের চিকিৎসা করানোর যে খরচ, তার চেয়ে বেশি খরচ হয় চিকিৎসা না করালে। জীবনব্যাপী এই রোগের চিকিৎসা না করালে শরীরে অন্য রোগের তীব্রতা বৃদ্ধিসহ নানা জটিলতা দেখা দেয়। সেসবের চিকিৎসা করাতে অনেক খরচ হয়ে যায়।

সেভনেম আবসার টুনা ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিক্সের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রধান। চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রিধারী সেভনেম আবসার তিন দিনের সফরে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। এ দেশের ওষুধ কোম্পানি এসকেএফ ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সকম নভো নরডিক্সের ব্যবসায়িক অংশীদার। ৩ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের নভো নরডিক্স কার্যালয়ে তাঁর সঙ্গে ডায়াবেটিসের বৈশ্বিক ও বাংলাদেশ পরিস্থিতি, নতুন ওষুধ, ইনসুলিনের মান, সরকারের ভূমিকা নিয়ে এই প্রতিবেদকের কথা হয়।

সেভনেম আবসার বলেন, ডায়াবেটিস পরীক্ষা করা খুব জরুরি। রোগ যদি শনাক্ত হয়, তার চিকিৎসা করাও জরুরি। চিকিৎসার খরচ তেমন বেশি না। কিন্তু চিকিৎসা না নিলে এবং রোগ নিয়ন্ত্রণের বাইরে গেলে সমস্যা বাড়ে। ডায়াবেটিস রোগীর হৃদ্‌রোগ ও কিডনি রোগের ঝুঁকি বেশি। একজন ডায়াবেটিস রোগীর পেছনে যে খরচ হয়, তার ৭ শতাংশ ডায়াবেটিস রোগের ওষুধের জন্য, বাকি ৯৩ শতাংশ অন্য রোগ ও জটিলতার জন্য খরচ হয়।

ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বের মোট ইনসুলিন চাহিদার ৫০ শতাংশ নভো নরডিক্স একাই মেটায়। বাংলাদেশের ইনসুলিনের ৯০ শতাংশ বাজার তাদের দখলে। সেভনেম আবসার বলেন, ‘ইনসুলিন জীবনদায়ী পণ্য। তাই এর মানের ব্যাপারে আমরা অতি সতর্ক। বাংলাদেশে প্রস্তুত করা ইনসুলিন ও ডেনমার্কে প্রস্তুত করা ইনসুলিনের মানে কোনো পার্থক্য নেই। একই মানের উপাদান, একই প্রযুক্তি, একই মানের জনবল এবং একই মানের পরিবেশে তৈরি হচ্ছে ইনসুলিন।’

সেভনেম আবসার নিজের দেশ তুরস্কে ১৭ বছর আগে নভো নরডিক্সে পেশাজীবন শুরু করেছিলেন। এরপর দীর্ঘদিন রাশিয়ায় নভো নরডিক্সের ব্যবসা দেখেছেন। সম্প্রতি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগর এলাকার প্রধান পদে যোগ দিয়েছেন। বহু দেশের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘সারা বিশ্বেই ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক ব্যাধি বাড়ছে। ধীরগতির হলেও এটা মহামারি আকার ধারণ করছে। বাংলাদেশে ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছে। ২০৪০ সালে এই সংখ্যা দ্বিগুণ হবে।’

এই ডায়াবেটিস বিশেষজ্ঞ বলেন, নভো নরডিক্সের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ স্থান। ‘কেন, বাংলাদেশে কি নভো নরডিক্সের ইনসুলিনের বাজার অনেক বড়?’ সেভনেম আবসার বলেন, ‘নভো নরডিক্সের বার্ষিক লাভের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ আসে বাংলাদেশ থেকে।’ তিনি বলেন, যেসব দেশে নভো নরডিক্সের নতুন পণ্য প্রথম যায়, বাংলাদেশ তার একটি। তিনি বলেন, আগামী বছর বাংলাদেশের বাজারে দুটি নতুন ওষুধ আসবে। এ ছাড়া মুখে খাওয়ার ইনসুলিনও বাজারে ছাড়ার অপেক্ষায় আছেন তাঁরা।

তবে এই ওষুধ কোম্পানি এ দেশে শুধু ব্যবসাই করছে না, কিছু সেবামূলক কাজও তাদের আছে। সেভনেম আবসার বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহায়তায় দেড় হাজার চিকিৎসককে ডায়াবেটিস রোগের চিকিৎসার ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া বাজধানীর সেগুনবাগিচায় বারডেম হাসপাতালে বিনা মূল্যে প্রায় পাঁচ হাজার শিশুকে ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছে। তিনি বলেন, ‘পণ্যের সীমানার বাইরে আমরা সেবাও দিচ্ছি।’