পতনের পর এই সরকারের ‘মানবতাবিরোধী অপরাধের’ বিচার করবে জামায়াত!
বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধ করছে—এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, এই সরকারের পতন হলে তাদের সময়ের মানবতাবিরোধী যত অপরাধ হয়েছে, তার সবগুলোর বিচার করা হবে।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনকে ‘ডিজিটাল কারচুপির নির্বাচন’ আখ্যা দিয়ে গতকাল বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়াত। পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ করা হয়।সাম্প্রতিক সময়ে এই এলাকায় আয়োজিত সমাবেশগুলোর তুলনায় গতকালের সমাবেশটি ছিল একটু অন্য রকম। অন্য সমাবেশগুলোতে জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। কিন্তু গতকাল নেতা-কর্মীরা পুরানা পল্টনে গ্র্যান্ড আযাদ হোটেলের সামনের গলিতে যান চলাচল বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে থাকেন। কার্যালয়ের সামনের জায়গা ছিল ফাঁকা।গলিতে দাঁড়িয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁদের সংগঠনের পক্ষে ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। গলি আটকানোর কারণ জানতে চাইলে ঢাকা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘ভেতরে জায়গা নাই। এখন যদি খুঁচিয়ে লিখতে চান, তাহলে লেখেন।’ কিন্তু ভেতরে তো জায়গা ফাঁকা—এ মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমরা বাইরে যাওয়ার চেষ্টা করছি।’সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহার বলেন, ‘সরকার প্রতিটি ক্ষেত্রে যুদ্ধাপরাধের কথা বলে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। ...আওয়ামী লীগ আসলে যুদ্ধাপরাধীদের আতঙ্কে ভুগছে। এই অসুখে আপনারা (আওয়ামী লীগ) শেষ হয়ে যাবেন। এই অসুখের চিকিৎসা কী জানি না।’স্বাধীনতার এত বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচার করা আইনসম্মত নয় বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘৩৯ বছর আগে কারা খুন করেছেন, তার সাক্ষী জোগাড় করে বিচার করা যায় না। যাঁরা বলেন বিচার করা যায়, তাঁরা মিথ্যা কথা বলছেন। যেসব দেশে দীর্ঘদিন পর বিচার করা হয়েছে, সেসব দেশে অভিযুক্তদের বিরুদ্ধে হয় সঙ্গে সঙ্গে মামলা করা হয়েছিল, নয় তাঁরা আটক ছিলেন বা বিদেশে পালিয়ে ছিলেন। কিন্তু জামায়াতের নেতাদের ক্ষেত্রে এসবের কোনোটাই খাটে না। ...মানবতাবিরোধী অপরাধ শুধু যুদ্ধের সময়েই হয়নি। এই সরকারের আমলেও মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। এই সরকারের পতন হলে মানবতাবিরোধী যত অপরাধ হয়েছে, তার সবগুলোর বিচার করা হবে।’ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় প্রচারবিষয়ক সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন।