পতাকা উড়িয়ে বর এলেন কনের বাড়ি

অবশেষে ৬৮ বছর বয়সে ‘চিরকুমার’ পদবি মুছে ফেললেন তিনি। ঘটা করে গতকাল শুক্রবার বেলা তিনটা ১৭ মিনিটে বিয়ে করলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। কাবিন পাঁচ লাখ এক টাকা আসরেই নগদ পরিশোধ করেন তিনি।
কনে হনুফা আক্তারের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে। রাজসিক ওই বিয়ে দেখতে সেখানে গতকাল ছিল হাজারো উৎসুক মানুষের ভিড়। পুলিশি প্রটোকলে জাতীয় পতাকা উড়িয়ে বর এলেন কনের বাড়িতে। সন্ধ্যার পর নববধূকে নিয়ে ফিরে যান রাজধানী ঢাকার বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায়।
মন্ত্রীর এই বিয়েতে সরকারের মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, দলীয় নেতা-কর্মী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। অন্য রকম এই বিয়েকে কেন্দ্র করে কনের গ্রামে ছিল উৎসবের আমেজ। স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বরকে স্বাগত জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১২ কিলোমিটার দক্ষিণে চান্দিনার মিরাখলা গ্রাম। মহাসড়ক লাগোয়া কুটুম্বপুর থেকে অম্বরপুর, পরচঙ্গা, কংগাই, গল্লাই এলাকা পেরিয়ে কনের বাড়ি। রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশ। কংগাই গ্রামে এলাকাবাসী বরকে স্বাগত জানিয়ে দুটি তোরণ নির্মাণ করেন। ওই পথ দিয়ে মন্ত্রী এলেন। গাড়িতে তাঁর সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী ও সাংসদ আবদুল মতিন খসরু এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম।
বিয়ের খাবারের তালিকায় ছিল স্পেশাল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি ও শাহি জর্দা। মন্ত্রী ৫০০ জন অতিথি বা বরযাত্রী নিয়ে যান। কনেপক্ষ দেড় হাজার মানুষের খাবারের বন্দোবস্ত করে। কিন্তু স্থানীয় ও দলীয় কর্মী এবং বহিরাগতদের উপস্থিতির কারণে খাবারসংকট হয়। কেউ কেউ না খেয়ে চলে যান।
বরযাত্রীদের মধ্যে আরও ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ, সাংসদ আলী আশরাফ, তাজুল ইসলাম, সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খান, জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ।
মিরাখলা গ্রামের বাসিন্দা ও কনের প্রতিবেশী নূরে আলম প্রথম আলোকে বলেন, ‘এ রকম বিয়ে আর দেখিনি। বাংলাদেশের একজন মন্ত্রী আমাদের এলাকার একজন মেয়েকে বিয়ে করায় আমরা ধন্য।’