পতাকা উত্তোলন না করায় বিক্ষোভ
জামালপুরের সরিষাবাড়ীতে আজ শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি মাদ্রাসায় সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন না করায় এলাকাবাসী বিক্ষোভ করেছে। তারা মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবি করে। মাদ্রাসার নাম সেঙ্গুয়া দারুলহুদা ফাজিল মাদ্রাসা।
এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহাদান ইউনিয়নে এই মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি টের পাওয়ার পর এলাকাবাসী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিমের অপসারণের দাবিতে ওই মাদ্রাসার মাঠে বিক্ষোভ মিছিল করে। তবে শেষ পর্যন্ত ওই মাদ্রাসায় আর পতাকা উত্তোলন করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, শিগগিরই পতাকা উত্তোলন করতে মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ইসমাইল হোসেন জানান, পতাকা উত্তোলন না করায় রাষ্ট্রদ্রোহ অপরাধ করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম জানান, বেলা ১১টার দিকে পতাকা উত্তোলন করতে গেলে প্রতিবেশী এক ব্যক্তি দেরি করার কারণে বাধা দেন। তাই আর পতাকা তোলা হয়নি।
তবে ওই প্রতিবেশী এই অভিযোগ অস্বীকার করেছেন।