পতাকা উত্তোলন না করা ও জাতীয় সংগীত না গাওয়ায় প্রতিবাদ
চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ইউরিয়া সার কারখানা (কাফকো) স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং জাতীয় সংগীত না গাওয়ায় তরুণ প্রজন্মের ব্যানারে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। গত রোববার শাহবাগের প্রজন্ম চত্বরে ঘোষিত এ কর্মসূচির প্রতি সংহতি না জানানোয় তরুণ প্রজন্মের ব্যানারে এ প্রতিবাদ জানানো হয়। স্থানীয়রা অভিযোগ করেন, কর্ণফুলী ইউরিয়া সার কারখানা (কাফকো) স্কুল অ্যান্ড কলেজে গত রোববার শাহবাগের কর্মসূচিকে সমর্থন জানানো হয়নি। সারা দেশের প্রায় সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন কর্মসূচি পালন করা হলেও এখানে তা করা হয়নি। এ ঘটনার প্রতিবাদে গতকাল কাফকোর আবাসিক গেটে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা কাফকো কর্তৃপক্ষকে রাজাকারের দোসর বলে স্লোগান দেন। বিক্ষোভে কর্মসূচিতে বক্তব্য দেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ।ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘ওই দিন আমি ছুটিতে থাকায় এ সমস্যা হয়েছে। আমরা অবশ্য পরে কালো পতাকা উত্তোলনসহ সব কর্মসূচি পালন করেছি।’