প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে মৌলভীবাজার পৌরসভার সচিব সৈয়দ আবুজর গিফারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাঁকে পৌরসভা থেকে আটক করা হয়। পৌর কর্তৃপক্ষ, পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সোয়া দুইটার দিকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার পৌরসভায় যান। এ সময় মন্ত্রী শোক দিবসে পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন না করা এবং সরকারি কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি পৌর সচিবকে খোঁজেন। সচিব এলে মন্ত্রী পুলিশকে নির্দেশ দেন তাঁকে আটক করে নিয়ে যেতে। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আবদুছ ছালেক বলেন, ‘সরকারি একটা প্রোগ্রাম। পতাকা উত্তোলন করা হয়নি। এ জন্য তাঁকে (সচিবকে) থানায় আনা হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ কেউ দেয়নি।’