পতাকা উত্তোলন হয়নি আ.লীগ কার্যালয়েই!
মহান শহীদ দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার নিয়ম থাকলেও বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা একটা পর্যন্ত কোনো পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বামনা উপজেলা পরিষদ সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো পতাকা টানানো হয়নি। কার্যালয়টির আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ। স্থানীয় সাংবাদিকেরা বেলা একটার দিকে কার্যালয়টির ছবি তুলতে গেলে খবর পেয়ে দুইটার দিকে দলের কয়েকজন কর্মী এসে একটি প্লাস্টিকের পাইপে ছোট একটি পতাকা উত্তোলন করেন।
মহান শহীদ দিবসে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন না করায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে ভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয় না—এটা খুবই দুঃখজনক।
জানতে চাইলে বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম মৃধা বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবার জাতীয় পতাকা উত্তোলন করে। এবার কেন তারা উত্তোলন করেনি, তা জানি না।’
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে কেন পতাকা উত্তোলন করা হয়নি তা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।