পতাকা ওড়ানো, ঝাড়ু দেওয়া পাঠদান, সবই করেন তিনি
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। তিনিও ওই বিদ্যালয়ের নন, প্রেষণে আসা শিক্ষক। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ২৫৫ জন। এখানে ছয়জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। তিনি ২০১১ সালে ১৭ অক্টোবর পার্শ্ববর্তী কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রেষণে এসেছেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই দুই বছর ধরে। সহকারী শিক্ষক আবদুল জলিল সাত বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। সহকারী শিক্ষক নুসরাত জাহান ২০১১ সালের ১ জুলাই প্রশিক্ষণে গেছেন। সহকারী শিক্ষক কণা বেগম গত বছরের সেপ্টেম্বরে অন্যত্র বদলি হন। সহকারী শিক্ষক জুলেখা বেগম চলতি বছরের জানুয়ারি মাসে প্রশিক্ষণে গেছেন এবং রাবেয়া বেগম সপ্তাহ খানেক আগে মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। বিদ্যালয়ে গত এক সপ্তাহ থেকে ছয়জন শিক্ষকের পাঠদান চলছে প্রেষণে আসা একমাত্র শিক্ষক নূর আলম খানকে দিয়ে। নূর আলম খান বলেন, ‘এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে দৌড়ে দৌড়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। শুধু পাঠদানই নয়, পতাকা ওড়ানো, বেল বাজানো, ঝাড়ু দেওয়া—সব কাজই আমাকে করতে হয়। তাই সুষ্ঠুভাবে পাঠদান সম্ভব হয় না।’ তিনি জানান, দাপ্তরিক কাজে কোথাও গেলে কিংবা অসুস্থতা দেখা দিলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নূর আলম খান একটি কক্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করছেন। আর অন্য শ্রেণীতে চলছে শিক্ষার্থীদের চেঁচামেচি। পঞ্চম শ্রেণীর ছাত্র তরিকুল ও চতুর্থ শ্রেণীর ছাত্রী শারমিন বলে, ‘একজন স্যার হওয়ায় মোগো পড়াশোনা ও ক্লাস ঠিকমতো হয় না।’ পিয়ারা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘শিক্ষকের অভাবে বিদ্যালয়ে এখন পড়ালেখা হয় না বললেই চলে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হুমায়ন কবির জানান, ‘বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে নূর আলম খানকে কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রেষণে আনা হয়েছে। কিন্তু এ অবস্থায় কী করে অন্য শিক্ষককে বদলি বা প্রশিক্ষণে পাঠানো হয়, এটা বোধগম্য নয়।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। শিগগির এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’