রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে গত সোমবার রাতে মাতুয়াইলে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৩) নামের এক যুবক এবং বিকেলে খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিপরীতে একটি বাড়িতে জাতীয় পতাকা টাঙাচ্ছিলেন শরিফুল ইসলাম। এ সময় হঠাৎ তাঁর পা ফসকে বিদ্যুতের তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে খিলক্ষেত রেললাইনে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। তাঁর বয়স অনুমানিক ৫০ বছর। ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে রাজধানীগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।