পতাকা বিক্রির ধুম

বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায়; এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে রাজধানীতে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম।
ডিসেম্বরের শুরু থেকে পতাকা বিক্রির উৎসব শুরু হয়েছে। চলবে বিজয় দিবস পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতাকা বিক্রি করছেন একশ্রেণীর মৌসুমি বিক্রেতা। এমন একজন মো. সোহেল, বয়স ১৭। বছরের অন্য সময় রেস্তোরাঁয় কাজ করলেও এ সময়টা পতাকা বিক্রি করে। কারণ জানাল, ‘এইডা বিজয়ের মাস, হগলে পতাকা কেনে তাই ব্যবসা ভালা হয়। আর পতাকা বেচনের কামডাও সোজা।’
গত মঙ্গলবার বিকেলে আজিজ সুপার মার্কেট থেকে যাত্রী নিয়ে কারওয়ান বাজারে এলেন রিকশাচালক রফিক আলী। রিকশার সামনে বেলের পাশে বাঁধা ছোট্ট একটি জাতীয় পতাকা। ১০ টাকা দিয়ে কিনেছেন। রফিক বললেন, ‘হারা দিন কত মাইনসে ভাড়া নিয়ে যে রকম ব্যবহার করে আমাগো লগে, সব ভুইলা যাই যহন এই পতাকার দিকে চাই।’
বঙ্গবাজারে একটি কারখানায় একের পর এক পতাকা বানিয়ে যাচ্ছিলেন কিরণ হোসেন। মোট আটজন কারিগর কাজ করেন ওই কারখানায়। যত বেশি সংখ্যায় বানানো যাবে, তত বেশি টাকা—মালিকের সঙ্গে এটাই কারিগরদের চুক্তি।
কিরণ জানালেন, ডিসেম্বর মাসে বেশি কাজ হয়, দিনে ১৮ ঘণ্টা কাজ করেও শেষ করা যায় না। প্রতিটি পতাকার জন্য কমপক্ষে তিন থেকে ৬০ টাকা পর্যন্ত মজুরি মেলে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সামনে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা আজিম দুটি পতাকা বেছে নিল। একটি নিজের জন্য, অপরটি বড় বোনের জন্য। রাইসা বলল, ‘পতাকার জন্য যুদ্ধ দেখিনি, কিন্তু গল্প শুনেছি, আর বইতে পড়েছি।’