পতাকা হাতে দৃপ্ত পায়ে প্রদক্ষিণের শপথ খেলাঘরের
জাতীয় পতাকা হাতে নিয়ে দৃপ্ত পায়ে প্রদক্ষিণ করার শপথ নিয়েছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, মানবতাবিরোধী অপরাধীদের বিচার, তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের বিচার এবং নারায়ণগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে না তোলা পর্যন্ত এই প্রদক্ষিণ চলবে।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই শপথবাক্য পাঠ করান খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তী। সংক্ষিপ্ত সমাবেশে রথীন চক্রবর্তী বলেন, ‘আজকের সমগ্র অনুষ্ঠানটি তানভীর মুহাম্মদ ত্বকীর জন্য উৎসর্গ করছি। আমরা যখন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন একটি ঘৃণিত চক্র বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেওয়া রফিউর রাব্বির মেধাবী ছেলে ত্বকীকে হত্যা করেছে। আমরা এখানে সংহতি জানাতে আসিনি, এসেছি শপথ নিতে।’এরপর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।