পতাকাবিহীন গাড়িতে খালেদা, সরকারি গাড়ি ফেরত
বিরোধীদলীয় নেতা হিসেবে পাওয়া গাড়িটি আজ শনিবার রাতে ফেরত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে যাওয়ার সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে দলীয় পতাকা থাকলেও জাতীয় পতাকা দেখা যায়নি।
আজ শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের এক কর্মকর্তা ‘প্রথম আলো’কে এ তথ্য জানান। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, নিয়ম অনুসারে আজ রাতের মধ্যেই সরকারি গাড়ি ফেরত দিতে হবে বিএনপির চেয়ারপারসনকে। গাড়িতে জাতীয় পতাকাও তিনি রাখতে পারবেন না ।
এর আগে সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করেই গুলশানের কার্যালয়ে যান খালেদা জিয়া। সেখানে চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, এ সময় তাঁর গাড়িতে দলীয় পতাকা থাকলেও জাতীয় পতাকা ছিল না।
দশম সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আজ এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীমচরণ রায়।