পতিত জমিতে সূর্যের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন ধান তোলার পর বছরের বাকি সময়টা মাঠের পর মাঠ জমি অলস পড়ে থাকত। যুগ যুগ ধরে এমনটিই চলে আসছিল। ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর মাটিতে লবণাক্ততা বৃদ্ধি এবং ঘন ঘন জলোচ্ছ্বাসে বারবার ফসলে মার খেয়ে বরগুনার কৃষকেরা মুষড়ে পড়েছিলেন। এমনই সময় সূর্যমুখী ফুলের চাষ তাঁদের আলোর মুখ দেখায়। পতিত জমিতে এ বছরই প্রথম সূর্যমুখীর চাষ করে সাফল্য পেয়েছেন এ অঞ্চলের কৃষক।সূর্যমুখী যে অর্থকরী ফসল, তা এই এলাকার কৃষকেরা আগে জানতেনই না। সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের পরামর্শে কৃষকেরা এবার এ ফুলের চাষ করেন। জেলার পাথরঘাটা উপজেলার ২৪টি ব্লকে ৭৪ একর জমিতে এবার সূর্যমুখীর চাষ হয়েছে। শুধু পাথরঘাটাই নয়, গোটা জেলায় এবার ৩৭৫ একর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এই ফুল থেকে পাওয়া তেলবীজ বাজারে বিক্রি করে এবার চাষিরা ধানের চেয়ে দুই-আড়াই গুণ বেশি লাভ পেয়েছেন।পাথরঘাটা পৌরসভার সীমানা পিলার থেকে পশ্চিমের হাতেমপুর গ্রামের দিকে একটি মেঠোপথ চলে গেছে। তার দুই পাশে মাঠের পর মাঠজুড়ে চাষি পরিবার ফুল তোলায় ব্যস্ত। ওই গ্রামেরই দুই ভাই আবদুল মালেক ও আবদুল মজিদ এবার প্রায় পাঁচ একরে সূর্যমুখীর চাষ করেছিলেন। শুরুতে গ্রামের লোকজনের বক্রোক্তি শুনতে হয়েছে। দমে না গিয়ে নতুন এ ফসলকে চ্যালেঞ্জ হিসেবে নেন দুই ভাই। এখন যে ফলন, তাতে তাঁদের সব কষ্ট ও শ্রম সার্থক হয়েছে বলে জানালেন এই দুই কৃষক। আবদুল মজিদ বলেন, ‘আগে বুঝি নাই সূর্যমুখী একটি মূল্যবান ফসল। আমাগো জমি আর কোনো দিন পতিত থাকব না।’কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আমন ধান তোলা হলে ফাল্গুনের শেষে বা চৈত্রের শুরুতে সূর্যমুখীর বীজ বপন করতে হয়। ৯০ দিনে ফসল ঘরে তোলা যায়। এতে উৎপাদন-ব্যয় কম। লবণাক্ততা, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ঝুঁকিও কম। অন্য ফসলের চেয়ে এতে লাভ বেশি।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি একরে সূর্যমুখী চাষে আট হাজার টাকা খরচ হয়েছে। একরপ্রতি ৪০-৪৫ মণ তেলবীজ পেয়েছেন তাঁরা। প্রতি মণ বীজ বিক্রি করতে পেরেছেন এক হাজার ৪০০ টাকায়। অথচ এক একরে ৩০ মণের বেশি ধান পাওয়া যায় না। প্রতি মণ ধান সর্বোচ্চ ৮০০ টাকা দরে বিক্রি করতে পারেন বলে চাষিরা জানিয়েছেন।বরগুনা সদরের বদরখালী গ্রামের কৃষক সত্য রঞ্জন জানান, তিনি এবার দেড় একর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। আশানুরূপ ফলন পেয়েছেন। খেত থেকে ফুল তোলার পর সেই ফুল শুকিয়ে বীজ থেকে তেল বের করা হয়। ওই চাষি বলেন, ‘আগামী বচ্ছর সব জাগায় সূর্যমুখীর চাষ করমু বইল্ল্যা ইচ্ছা আছে।’ বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, উপকূলের কৃষিতে যে সংকট ঘনীভূত হচ্ছে, তা কাটিয়ে উঠতে বিকল্প চাষাবাদের দিকে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। আমন তোলার পর জেলায় প্রায় ৪০ হাজার হেক্টর জমি পড়ে থাকত। এই এলাকার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য অধিক উপযোগী বলে মন্তব্য করেন কৃষি কর্মকর্তা।