সিলেট অঞ্চলের অধিকাংশ প্রবাসীর বিপুল পরিমাণ জমি অনাবাদি অবস্থায় রয়েছে। এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। এ ছাড়া হাওর, টিলা ও চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলের বৈচিত্র্যকে ব্যবহার করেও কৃষিক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচন করা যায়।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘কৃষিক্ষেত্রে অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. মনজুরুল হান্নান। বাংলাদেশে ১৫৬ জাতের সবজি কমবেশি চাষ হয় বলে কর্মশালায় বক্তব্যে জানিয়েছেন মহাপরিচালক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়াহিদুজ্জামান। কর্মশালায় বক্তারা আরও বলেন, সিলেটে বিপুল পরিমাণ অনাবাদি জমিকে চাষের আওতায় আনা গেলেই কেবল এ অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। এ ছাড়া পাহাড়ি অঞ্চলের বিষয়টি মাথায় রেখে এখানে ফল চাষও বাড়াতে হবে।
বক্তারা বলেন, এখানকার অনেক প্রবাসী বিদেশে ব্যবসা-বাণিজ্য করছেন। তাঁদের পতিত জমিকে আবাদের আওতায় এনে যে ব্যবসা করা যায়, সে বিষয়টি বোঝাতে হবে। যদি প্রবাসীরা এসব জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেন, তবে কৃষিক্ষেত্রে সিলেটের সাফল্য পুরো দেশের জন্য আদর্শ এক উদাহরণ হবে।