পতিতাপল্লিতে বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে মাদ্রাসাছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি করার দায়ে দুজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার ময়নাল হক (৩০) ও বকশীগঞ্জ উপজেলার নীলক্ষ্মীয়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শাবানা বেগম (৩৫)। মামলায় জামিনে থাকা অবস্থায় গতকাল আদালতে উপস্থিত হলে আদালত তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে কারাগারে পাঠান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ২০০৩ সালের ডিসেম্বরে উপবৃত্তির টাকা তোলার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। ফেরার পথে ওই ছাত্রী ভুল করে ঢাকার একটি বাসে উঠে পড়ে। পরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে নামলে জামালপুরের লাবণী নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে লাবণী তাকে জামালপুর নিয়ে আসেন।
এরপর শহরের কাচারীপাড়ার ময়নাল হকের বাড়িতে নিয়ে যান। কয়েক দিন পর ময়নাল হক ও শাবানা মিলে জামালপুর পতিতাপিল্লর এক যৌনকর্মীর কাছে মেয়েটিকে বিক্রি করে দেন। পরে ছাত্রীর বাবা তার অবস্থান জানতে পেরে জামালপুর থানার পুলিশের সহযোগিতায় ২০০৪ সালের ১৮ মে তাকে পতিতাপল্লি থেকে উদ্ধার করেন। ওই দিনই মেয়েটির বাবা ময়নাল হক ও শাবানার নামে একটি মামলা করেন।
জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।