পতিসরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল
ভারতের রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরীসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গত বুধবার নওগাঁর আত্রাইয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর পরিদর্শন করেছেন। পতিসরে এই প্রথম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য এলেন।
বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিদলে ছিলেন রেজিস্ট্রার ভাস্কর সেনগুপ্ত, কিউরেটর ইন্দ্রানী ঘোষ, গ্রাফিকস অ্যান্ড প্রিন্টিং মেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পরাগ রায় ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক চিত্ত মণ্ডল।
এ উপলক্ষে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী ছাড়াও বক্তব্য দেন সাবেক সাংসদ ওহিদুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম খান, রানীনগর শেরেবাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান, আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বেলালুর রহমান, আত্রাইয়ের ইউএনও হেমন্ত হেনরী কুবি প্রমুখ।
অধ্যাপক সব্যসাচী বলেন, ‘সম্প্রতি তাঁরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবনের স্মৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছেন। ওই প্রদর্শনীতে পতিসরকে যথাযথ মর্যাদায় উপস্থাপন করা হবে। সেই লক্ষ্যে প্রতিনিধিদলটি সম্প্রতি পতিসর থেকে উদ্ধার হওয়া কবির চিঠি, কৃষি ব্যাংকের হিসাবখাতা ও চিঠিপত্রের অনুলিপি গ্রহণ করেন। এগুলো হস্তান্তর করেন রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান।
আলোচনায় স্থানীয় সাংসদ ইসরাফিল আলম বলেন, ‘রবীন্দ্রনাথ বাঙালির পথপ্রদর্শক। তাই তাঁর ফেলে যাওয়া ১ শতাংশ জমিও অবৈধ দখলে যেতে দেওয়া হবে না।’