পতিসরে রবিঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি প্রাঙ্গণের দেবেন্দ্র মঞ্চের পাশে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচির মধ্যে ছিল রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার আলোকে শিক্ষক ও মা সমাবেশ, বিকেলে স্মারক আলোচনা অনুষ্ঠান।
জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ ইসরাফিল আলম, ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান প্রমুখ।
বিকেলে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক স্বরোচিষ সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, রবীন্দ্র গবেষক আবুল হায়াত প্রমুখ। এ উপলক্ষে কাছারিবাড়ির পাশে বসে গ্রামীণ মেলা।