পতেঙ্গার খেজুরতলায় শহর রক্ষা বেড়িবাঁধের ৩৫ ফুট বিলীন
পতেঙ্গার খেজুরতলা এলাকায় শহররক্ষা বাঁধের প্রায় ৩৫ ফুট অংশ সাগরে বিলীন হয়ে গেছে। বাঁধটি মেরামত করা না হলে বাকি ২০-২২ ফুট অংশ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নগরে সাগরের পানি ঢুকে যেতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছে।বাঁধ মেরামতের জন্য টাকা চেয়ে গত মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় বাসিন্দাদের মতে, এবারের বর্ষায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের কয়েকটি অংশ দেবে গেছে। ধসে পড়েছে মাটির পাড়। কিছু অংশে ঝাউগাছও বিলীন হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, পতেঙ্গার জেলেপাড়া ও খেজুরতলাসহ কিছু এলাকায় বাঁধ দেবে গেছে কিংবা ভেঙে গেছে। খেজুরতলা এলাকায় ৫০-৬০ ফুট উচ্চতার ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির অন্তত ৩৪টি ঝাউগাছ সাগরে বিলীন হয়ে গেছে। এ কারণে এলাকাবাসী আতঙ্কে আছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল বলেন, পতেঙ্গার খেজুরতলা এলাকায় বাঁধ ৪০-৫০ ফুট পর্যন্ত সাগরে বিলীন হয়ে গেছে। ওই অংশে জরুরি মেরামত প্রয়োজন। জরুরি প্রয়োজনে অর্থের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজই (গতকাল মঙ্গলবার) চিঠি পাঠিয়েছি।’খেজুরতলার বাসিন্দা মোহাম্মদ বাশার প্রথম আলোকে বলেন, ‘টানা বর্ষণ এবং সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে বিশাল উচ্চতার ৩৪টি ঝাউ ও শিশুগাছ। ভেঙে যাওয়ার পর বাঁধের ২০-২২ ফুট অংশ রয়েছে। সেখানে বিশাল ফাটল দেখা দিয়েছে। মেরামত করা না হলে সেটিও বিলীন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। এরপর শহরে সাগরের পানি ঢুকে যাবে।’ পতেঙ্গা জেলেরপাড়ার বাসিন্দা লিটন জলদাস বলেন, ‘১৯৯১ সালের এপ্রিলের ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ বিলীন হয়ে যেতে দেখেছি। ওই প্রাকৃতিক দুর্যোগের পর শক্ত করে বাঁধ দেওয়া হয়। এবার বর্ষা নেমে এলে বাঁধে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা উৎকণ্ঠায় আছে। বনায়ন বন্ধ: ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পরের বছর ১৯৯২ এবং এর ১০ বছর পর ২০০২ পতেঙ্গাসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূল এলাকায় ঝাউগাছ লাগানো হয়। গাছগুলো ৪০ থেকে ৮০ ফুট পর্যন্ত উচ্চতায় বেড়ে উঠেছে। সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করছে এ গাছগুলো। কিন্তু এবার পতেঙ্গা উপকূলে গাছ লাগানোর কোনো প্রকল্প নেই বন বিভাগের।বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার কুণ্ডু বলেন, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধের কাছে ঝাউ ও কেওড়াগাছ লাগানোর কোনো প্রকল্প নেই। তবে ওই এলাকা ভাঙনপ্রবণ বলে আমরা আগামী বছর ঝাউ ও কেওড়াগাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।’