পতেঙ্গার বিদ্যুৎকেন্দ্রে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটার্স গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় ফার্নেস অয়েলচালিত ভাড়াভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড নামের এই বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
কাইল পিটার্সের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল গতকাল বিকেলে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখে। এ সময় তাঁরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রটিতে পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ফ্লুগ্যাস ডি সালফারাইজেশন ইউনিট’ স্থাপন করা হয়েছে। প্রযুক্তিটি স্থাপনে ২৪ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। এই প্রযুক্তির মাধ্যমে বাতাসে জ্বালানি তেল পোড়ানোর কারণে যে সালফার নিঃসরণ হয়, তা অন্তত ৯৫ শতাংশ কমিয়ে আনা যায়। এসব সালফার সরাসরি বাতাসে মিশে পরিবেশের ক্ষতি করে।
পরিদর্শনের সময় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদিরসহ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে বসবাসকারী কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় উদ্যোক্তা যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করেছেন।