চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ করবে সেনাবাহিনী। বন্দরের পুরকৌশল বিভাগের সক্ষমতা না থাকায় দ্রুত কাজ শেষ করতে সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের মূল জেটি থেকে ভাটির দিকে চট্টগ্রাম ড্রাই ডক এবং বোট ক্লাবের মধ্যবর্তী ২৬ একর জায়গায় কর্ণফুলী নদীর তীরে এই টার্মিনাল নির্মাণ করা হবে। প্রকল্প এলাকায় বর্তমানে সড়কসহ নানা অবকাঠামো রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, আজ শুক্রবার সকালে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। টার্মিনালে একসঙ্গে তিনটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর সুবিধা থাকবে। এতে বছরে পাঁচ লাখের বেশি কনটেইনার ওঠানো-নামানো যাবে। এ ছাড়া তেলবাহী জাহাজ ভেড়ানোর সুবিধাও থাকবে টার্মিনালে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, দ্রুত কাজ শেষ করতে সেনাবাহিনীকে টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে পূর্ত কাজের সবই তারা করবে। কাজ শেষে সেনাবাহিনী বন্দরকে টার্মিনাল বুঝিয়ে দেবে। এই টার্মিনাল নির্মাণকাজ শেষ হলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর সুবিধা বাড়বে।
চট্টগ্রাম বন্দরে সর্বশেষ টার্মিনাল নির্মাণ করা হয়েছে ২০০৭ সালের ডিসেম্বরে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল নামে পাঁচ জেটির এই টার্মিনাল নির্মাণের প্রায় ১০ বছর পর প্রথমবার নতুন একটি টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে টার্মিনাল নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীকে নতুন টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়ায় খুব দ্রুত কাজ শেষ হবে বলে আশা করছেন তাঁরা। তবে এই টার্মিনাল চালু হওয়ার আগে বর্তমানে জাহাজের যে জট রয়েছে, তা দূর করতে যন্ত্রপাতি কেনাসহ সংস্কারকাজ হাতে নেওয়া উচিত। একই সঙ্গে বন্দরের নতুন টার্মিনাল নির্মাণের যেসব প্রকল্প আছে, সেগুলোও জরুরি ভিত্তিতে বাস্তবায়নে এখনই পদক্ষেপ নিতে হবে।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর জন্য ১৩টি জেটি রয়েছে। এসব জেটিতে একসঙ্গে ১০-১১টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়। এ ছাড়া কনটেইনারবিহীন জাহাজে করা আনা পণ্য ওঠানো-নামানোর জন্য জেটি রয়েছে ছয়টি।
সমুদ্রপথে কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার আমদানি করা কাঁচামাল, যন্ত্রপাতি ও রপ্তানি পণ্য কনটেইনারে আনা-নেওয়া হয়।
পতেঙ্গা টার্মিনাল নির্মাণের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এই টার্মিনাল নির্মাণ, যন্ত্রপাতি কেনাসহ মোট ব্যয় হবে ১ হাজার ৮৬৮ কোটি টাকা। এর মধ্যে সেনাবাহিনী প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে পূর্ত কাজ করবে। যন্ত্রপাতি সংগ্রহে ব্যয় হবে ৬৫৮ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে আনুষঙ্গিক কাজে।
প্রস্তাবিত টার্মিনালে বন্দরের মূল জেটির চেয়ে কম সময়ে জাহাজ ভেড়ানো সম্ভব হবে। আবার সাগর থেকে সরাসরি পতেঙ্গা টার্মিনালে জাহাজ ভেড়ানোয় কর্ণফুলী নদীর অন্তত একটি বাঁক অতিক্রম করতে হবে না। বন্দরের মতোই সাড়ে নয় মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) জাহাজ ভেড়ানো যাবে এই টার্মিনালে।
বন্দর কর্মকর্তারা জানান, কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য বন্দরে বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নামে তিনটি বড় প্রকল্প রয়েছে। বে টার্মিনাল স্বল্প মেয়াদে নির্মাণের সুযোগ নেই। আবার নতুন একটি টার্মিনাল নির্মাণের আগে পুরোনো জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণে ঝুঁকি রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে লালদিয়া টার্মিনাল নির্মাণেও সময় লাগবে। এ জন্য স্বল্প মেয়াদে পতেঙ্গা টার্মিনাল নির্মাণের প্রকল্পটি গুরুত্ব পাচ্ছে।