পতেঙ্গায় শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতেঙ্গা সমুদ্রসৈকতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল শিক্ষার্থীর ওপর স্পিডবোট-চালকদের হামলার প্রতিবাদে গতকাল রোববার কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। স্পিডবোটে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গত শনিবার চালকেরা ছাত্রদের ওপর হামলা চালান বলে জানা গেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়েট ক্যাম্পাসের সামনে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে ক্যাম্পাসে এসে মিছিল-সমাবেশ করেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা সোমবার (আজ) পর্যন্ত স্থগিত ঘোষণা করে। উপাচার্য শ্যামল কান্তি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাউজান থানায় মামলা করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি দেখছেন।’রাউজান থানার ওসি নিখিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি পতেঙ্গা সমুদ্রসৈকতে ঘটেছে। এ কারণে স্পিডবোট-চালক ও তাঁদের সংগঠনের বিরুদ্ধে মামলা করতে আমি পতেঙ্গা থানায় যাচ্ছি। বিষয়টি পতেঙ্গা থানা দেখবে।’