পত্নীতলায় কলেজছাত্রী এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে নওগাঁর পত্নীতলা উপজেলার চকদুর্গা আইয়াম গ্রামে স্বামীর ছোড়া এসিডে এক গৃহবধূর মুখ ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ একজন কলেজছাত্রী। গতকাল সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকার এসিড সারভাইভার্স ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও চিকিৎসা কর্মকর্তা শায়লা শারমীন জানান, এসিড নিক্ষেপের ঘটনায় মেয়েটির মুখমণ্ডলসহ দুই হাত, গলা ও বুকের তিন-চতুর্থাংশ মারাত্মক ক্ষতি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোকারম হোসেন মেয়েটির শরীর ঝলসে যাওয়ার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ওই তরল পদার্থকে এসিড বলে মনে হয়েছে। তবে তা কোন ধরনের পদার্থ, পরীক্ষা না করে তা বলা সম্ভব নয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নজিপুর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চকদুর্গা আইয়াম গ্রামের মোকছেদুল ইসলামের মেয়ে শামীমা আক্তার (১৯)। আট-নয় মাস আগে শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। চাঁপাইনবাবগঞ্জের কালিগঞ্জ গ্রামের কৃষক হুমায়ন কবিরের ছেলে শহিদুল ইসলাম ফেরি করে হলুদ বিক্রি করেন। এ কারণে বিয়ের পর থেকে তিনি পত্নীতলায় শ্বশুরবাড়ি থাকতেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, ঘটনার রাতে শহিদুল ওই পরিবারের সবার সঙ্গে ভালো-মন্দ কথা বলেন এবং একসঙ্গে রাতের খাবার খেয়ে স্ত্রীর সঙ্গে ঘুমাতে যান। এরপর রাত দেড়টার দিকে তিনি শামীমার মুখে ওড়না গুঁজে শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে তাঁর মা-বাবাসহ প্রতিবেশীরা এসে শামীমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।