পত্নীতলায় মোটরসাইকেল আরোহী খুন
নওগাঁর পত্নীতলা উপজেলায় গত শনিবার রাতে সঞ্জয় কুমার (২৪) নামের একজনকে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সঞ্জয় উপজেলার চকভবানী গ্রামের প্রবীর চন্দ্রের ছেলে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে সঞ্জয় তাঁর ভগ্নিপতি দুলাল ও হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার কান্তা কিসমত সড়কে রাত সাতটার দিকে ৮-১০ জন দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা সঞ্জয়সহ ওই দুজনকে হাত-পা বেঁধে বেদম মারধর করে পাশের একটি মাঠে ফেলে রাখে। এ সময় দুর্বৃত্তরা সঞ্জয়ের কাছে থাকা নগদ ১০ হাজার টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে রাতেই সঞ্জয়ের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতসঞ্জয় কুমারের বড় ভাই দুর্লভ চন্দ্র বাদী হয়ে মামলা করেছেন।