পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৬) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সাপাহার-পত্নীতলা সড়কের নকুচা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা শহিদুল ইসলামের ছেলে আল আমিন (৭) গুরুতর আহত হয়।
শহিদুল ইসলাম উপজেলার আকবরপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। তিনি উপজেলার পলিপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে শহিদুল ইসলাম সাপাহার যাচ্ছিলেন।
পথে নকুচা মোড় এলাকায় সাপাহার থেকে ঢাকাগামী বরেন্দ্র এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শহিদুল মারা যান। এ সময় গুরুতর আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে শিশুটি চিকিৎসাধীন।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি ফেলে বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করে পত্নীতলা থানায় নিয়ে যায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।