পত্নীতলায় ‘শেখ হাসিনা সেতু’র কাজের উদ্বোধন
নওগাঁর পত্নীতলা উপজেলার ত্রিমোহনী এলাকায় ছোট যমুনা নদীর ওপর ‘শেখ হাসিনা সেতু’র নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এই সেতু নির্মাণে ছয় কোটি ১৮ লাখ টাকা ব্যয় হবে।বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করা এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।পরে সেখানে আয়োজিত জনসভায় আব্দুল জলিল বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অনগ্রসর উপজেলাগুলোর গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সেতু নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আরবিইএল ইথেন জেভি এর নির্মাণ কাজ করছে। এলজিইডি নওগাঁ কার্যালয় কাজের তত্ত্বাবধানে রয়েছে।এলাকাবাসী জানান, এই সেতুর নির্মাণকাজ শেষ হলে নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, বদলগাছীসহ বেশ কয়েকটি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে।