পত্রদূত সম্পাদক হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার কার্যক্রম আবার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এ বিচার কার্যক্রম শুরু হয়।মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনকে পত্রিকার কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় ১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০টা ২৩ মিনিটে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত আলাউদ্দিনের ভাই স ম নাসিরউদ্দিন ওই রাতেই কারও নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। ২৪ জুন পুলিশ শহরের সুলতানপর এলাকার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ২৯ জুন সাইফুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলাউদ্দিন হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জানান, শহরের প্রাণসায়ের এলাকার খলিলুল্লাহ, তাঁর ভাই সাইফুল্লাহ, মোমিনউল্লাহ, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, সুলতানপুর এলাকার এসকেন্দার মীর্জা, কামাননগর এলাকার আবুল কালাম, আলীপুরের আবদুস সবুর ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের আবদুর রউফ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।পুলিশ সূত্রে জানা যায়, সিআইডির সহকারী পরিদর্শক ইকবাল হাসান ১৯৯৭ সালের ৫ মে সাইফুল ইসলামসহ উপরোক্ত নয়জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগ গঠনের পর ১৯৯৯ সালে কয়েকজন আসামি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করলে তা মঞ্জুর হয়। ২০০৫ সালে আপিল বিভাগ স্থগিতাদেশ খারিজ করে দেন। নিহত মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভিন জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়ে। মামলার স্থগিতাদেশ খারিজ হওয়ার পরও নথি হাইকোর্ট থেকে সাতক্ষীরায় আসতে দুই বছর সময় লেগেছে। দেরিতে হলেও বিচার কার্যক্রম আবার শুরু হওয়ায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হত্যাকারীদের বিচারের ব্যাপারে আশাবাদী।