পত্রিকা কার্যালয়েই রাত কাটাচ্ছেন মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত বৃহস্পতিবার থেকে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকা কার্যালয়ে রাত কাটাচ্ছেন। তাঁর আশঙ্কা, কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। গতকাল সন্ধ্যায় মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাদা পোশাকের পুলিশ আমার দেশ-এর অফিস ঘিরে রেখেছে। একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমি চাই, পুলিশ আমাকে আমার কর্মস্থল থেকে গ্রেপ্তার করুক। সে জন্য আমি প্রস্তুত আছি।’ তাঁর দাবি, বর্তমানে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের দুষ্কর্মের সংবাদ প্রচার করে যাচ্ছে। এ অবস্থায় সরকার স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। গণমাধ্যমকর্মী হিসেবে তিনি এর প্রতিবাদ করছেন। আমার দেশ-এর সংবাদকর্মীরা জানান, ইন্টারনেটে কথা বলার মাধ্যম স্কাইপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে ব্যক্তিগত কথোপকথন আমার দেশ-এ প্রকাশিত হওয়ায় সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা হয়। এর পর থেকে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ পত্রিকাটির কার্যালয় কড়া নজরদারিতে রেখেছে। কেউ ওই ভবনে ঢুকতে গেলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। গত শনিবার রাতে তমিজউদ্দিন ও আনোয়ার হোসেন নামের বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিক মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পত্রিকা কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। অবশ্য কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।