পত্রিকা দেখে ছয় মাস পর ভাইয়ের সন্ধান
প্রথম আলোর খবর দেখে ছয় মাস পর রাসেল ফকির তাঁর বড় ভাইয়ের সন্ধান পেয়েছেন। প্রথম আলো হাতে করেই রোববার রাসেল ফরিদপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। গতকাল সকালে বড় ভাই আরিফুল ইসলামকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেন।
আরিফুল ইসলাম (২২) ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। গত শনিবার প্রথম আলোতে ‘১৬ দিন পর বলে উঠলেন, বাড়ি ফরিদপুর’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
আরিফুল চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় আহত হয়েছিলেন। সেখান থেকে লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে তিনি অচেতন ছিলেন। ১৬ দিন পর গত শুক্রবার তিনি চেতনা ফিরে পান। প্রথমেই তিনি বলেন, তাঁর বাড়ি ফরিদপুর। কাঁচামালের ব্যবসা করেন। রাসেল জানান, তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার হুগলাডাঙ্গি গ্রামে। তাঁর ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে। তিনি চার বছর আগে এভাবে নিখোঁজ হয়ে ভারতে চলে গিয়েছিলেন।